তিন সন্তান হারিয়ে নির্বাক মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর হাসপাতালের শয্যায় শুয়ে আছেন সুমী বড়ুয়া। কাউকে দেখলে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকেন। কোনো কথা বলছেন না। পাহাড়ধসে ঘুমন্ত তিন সন্তান হারানোর পর অঝোরে কেঁদেছেন। মৃত সন্তানদের বুকে জড়িয়ে ধরে ছিলেন অনেকক্ষণ। নিজে যে আহত সেদিকে খেয়ালই ছিল না। সন্তানদের সৎকারের পর স্বজনেরা ভর্তি করিয়েছেন হাসপাতালে। এরপর থেকেই কথা বন্ধ।

বান্দরবান জেলার শহরতলির লেমুঝিরিপাড়ায় গত মঙ্গলবার রাতে পাহাড়ধসে স্বপন-সুমী দম্পতির তিন সন্তান মিতু বড়ুয়া (৮), শুভ বড়ুয়া (৫) ও লতা বড়ুয়া (২) ঘুমন্ত অবস্থায় মারা যায়। স্বপন বড়ুয়া ও সুমী বড়ুয়াকেও আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করেন। ঘরবাড়ি, সন্তানসহ সর্বস্ব হারা এই মা-বাবা এখন বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্বপনকে ঘটনার পরপর এবং সুমীকে মঙ্গলবার বিকেলে হাসপাতালে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গেলে দেখা মিলে স্বপন-সুমী দম্পতির।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সমীরণ নন্দী বলেন, সুমীর শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত বেশি। শারীরিক আঘাত হয়তো তাড়াতাড়ি সেরে উঠবেন, কিন্তু চোখের সামনে তিন সন্তানের মৃত্যু দেখা একজন মা হিসেবে তাঁর মানসিক আঘাত কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে।

 হাসপাতালে স্বপন বড়ুয়ার কাছে সেই রাতের কথা তুলতেই ফুপিয়ে কেঁদে ওঠেন। বললেন, রাত ৩টার দিকে প্রবল বৃষ্টি হচ্ছিল। বাড়ির নালায় পানি সরানোর জন্য স্বামী-স্ত্রী বের হয়েছিলেন। তিন সন্তান ছিল ঘুমে। মুহূর্তের মধ্যে পাহাড়ের বিরাট খণ্ড বাড়ির ওপর এসে পড়ে। এরপর তিনি আর কিছুই জানেন না। জ্ঞান ফিরে দেখেন তিনি হাসপাতালে। জানতে পারেন তিন সন্তান আর নেই।

স্বপন চোখের পানি মুছতে মুছতে বলেন, ‘বাড়ি, সন্তান সবকিছু হারিয়েছি। হাসপাতাল থেকে কোথায় যাব জানি না’।

পাশে লেমুঝিরি আগাপাড়া এলাকার আজিজুর রহমানের অবস্থাও একই। তিনি বলেন, কোনো রকমে প্রাণে রক্ষা পেয়েছেন। স্ত্রী কামরুন্নেসা বেগম ও মেয়ে সুখিয়া বেগমের লাশ গত বুধবার দুপুরে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন তাঁর কিছুই নেই।

বান্দরবানে পাহাড়ধসে নিহত হয়েছেন ছয়জন। সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত সাতজনকে। এর মধ্যে এখনো পাঁচজন রয়েছেন। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। অন্যজন গত বুধবার হাসপাতাল ছেড়েছেন। জেলা শহরের কালাঘাটা, শহরতলির লেমুঝিরিপাড়া, লেমুঝিরি আগাপাড়া এলাকাসহ কয়েকটি জায়গায় গিয়ে ব্যাপক হারে পাহাড়ধসে পড়ার চিত্র দেখা গেছে। পাহাড়গুলো যেন গলে নেমে গেছে।  বান্দরবানের মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, পাহাড়ধস এক দিনে হয় না। পরিবেশের ওপর দীর্ঘদিনের বহুমাত্রিক আঘাতের প্রতিঘাত হিসেবে হয়। এবার পরিবেশের প্রতিঘাতের সঙ্গে অসময়ে অতি বৃষ্টি যোগ হয়ে পাহাড়ধস হয়েছে।