তিন সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগনেকে নিয়ে বিবাদের জের ধরে গত বৃহস্পতিবার রাতে স্ত্রীকে মারধর করেছিলেন আবু সাঈদ। এর এক দিন পর তিন শিশুপুত্রকে বিষপান করিয়ে হত্যার পর আত্মহত্যা করেন। ঘটনাটি রাজধানীর অদূরে সাভারের জয়নাবাড়ী এলাকার। নিহত ব্যক্তিরা হলেন: আবু সাঈদ (৪০) এবং তাঁর ছেলে রবিউল (৮), মোস্তফা (৬) ও রাহাত (৪)।
সাভার মডেল থানার পুলিশ জানায়, প্রথম স্বামীর মৃত্যুর পর বছর দশেক আগে রেখা বেগম দুই ছেলে রিয়াজ (১৬) ও তাজুলকে (১৩) নিয়ে আবু সাঈদকে বিয়ে করেন। দ্বিতীয় ঘরে জন্ম নেয় রবিউল, মোস্তফা ও রাহাত। সাঈদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার তাতপুর গ্রামে। রেখার বাড়িও একই জেলায়। থাকতেন সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার জয়নাল আবেদিনের বাড়িতে। গতকাল ওই বাড়িরই একটি কক্ষ থেকে বাবা ও তিন ছেলের লাশ উদ্ধার করে পুলিশ।
রেখা চাকরি করেন হেমায়েতপুরের একটি পোশাক কারখানায়। স্বামী সাঈদ চাকরি করতেন বলিয়ারপুরের একটি রাসায়নিক কারখানায়।
রেখা জানান, মাস তিনেক আগে সাঈদের ভাগনে বিপুল চাকরির সন্ধানে তাঁদের বাসায় আসেন। এর এক মাস পর তিনি (বিপুল) স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি নেন। থাকতেন তাঁদের সঙ্গেই। এ জন্য তাঁরা সাড়ে তিন হাজার টাকায় একই বাড়ির আরও একটি কক্ষ ভাড়া নেন। বিপুল চাকরি করলেও খাওয়া খরচ ছাড়া ঘর ভাড়ার কোনো টাকা দিতেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এসবের জের ধরে বিপুল চাকরি ছেড়ে বৃহস্পতিবার দেশের বাড়ি চলে যান। এ নিয়ে বৃহস্পতিবার রাতে দুজনের আবার ঝগড়া হয়। একপর্যায়ে সাঈদ স্ত্রীকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে সকালে নাশতা না খেয়েই রেখা তাঁর কর্মস্থলে চলে যান।
রেখার প্রথম পক্ষের ছেলে রিয়াজ বলে, মা গতকাল সকালে কর্মস্থলে গেলেও তার বাবা বাসায় ছিলেন। সকালে তার বাবা কোমল পানীয় ও িচপস এনে আদর করে তাদের খেতে দিয়ে বাসা থেকে বের হয়ে যান। এর পর থেকে বেলা দুইটা পর্যন্ত সে (রিয়াজ) বাসার একটি কক্ষে ঘুমিয়ে ছিল। জুমার নামাজের পর তার বাবা বাসায় ফিরে ছোট ভাই রবিউল, মোস্তফা ও রাহাতকে নিয়ে ওই কক্ষে ঘুমাবেন বলে জানালে সে তিনি বাসা থেকে বাইরে চলে যায়। রিয়াজ জানায়, বিকেল পাঁচটার দিকে বাসায় ফিরে তিনি ওই কক্ষের দরজা ও জানালা ভেতর থেকে আটকানো অবস্থায় পান। এ সময় তার মাও বাসায় ফেরেন। অনেক ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তাদের সন্দেহ হয়। এরপর দরজার নিচ দিয়ে উঁকি দিয়ে তিন ভাইকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তার বাবাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আর তার ছোট তিন ভাইকে মেঝেতে মৃত অবস্থায় দেখতে পেয়ে সাভার থানায় জানান।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অভিমান করে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে সাঈদ তাঁর সন্তানদের খাওয়ান। ওই বিষক্রিয়ায় তারা মারা যায়। এর পর তিনি নিজেও ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।