তিন সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
বাবা-মা ও পরিবারের সবাই তিন বছর ধরে জানত নাসিমা স্বামীর সংসারে বেশ সুখেই দিন কাটাচ্ছে। নাসিমার স্বামী রুহুল আমিনের কাছে যখনই নাসিমার পরিবার ঢাকা থেকে মোবাইলে ফোন করত, তখনই রুহল বলতেন, ‘আমি বাইরে আছি, আপনাদের মেয়ে ভালো আছে, কোনো সমস্যা নেই।’ এভাবে তিন বছর কেটে গেলে নাসিমার পরিবারের সন্দেহ হয়। এই সন্দেহের জের ধরে গত ১২ এপ্রিল পাথরঘাটায় আসেন নাসিমার দুই বোন হেলেনা ও পারুল এবং বোনের ছেলে বাবুল। এখানে এসে তাঁরা জানতে পারেন, নাসিমা ও তাঁর তিন সন্তান মিতু, শান্ত ও নোমানকে বছর তিনেক আগে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে তাঁর স্বামী রুহুল আমিন কোথায় যেন নিয়ে গেছেন। আর এলাকার লোকজন ও প্রতিবেশীদের রুহুল আমিন এত দিন বলে এসেছেন, তাঁর স্ত্রী ও তিন সন্তান ঢাকায় তাঁর শ্বশুরবাড়িতে থাকে। নাসিমার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের ধারণা, নাসিমা ও তাঁর সন্তানকে খুন করেছেন অথবা কোনো পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দিয়েছেন রুহুল আমিন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে রুহুল আমিন গা-ঢাকা দিয়েছেন। বরগুনার পাথরঘাটা উপজেলার কোড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটার কোড়ালিয়া গ্রামের রুহুল আমিন ১৯৯১ সালে ঢাকার আজিমপুরের বাসিন্দা হাসান আলী মোল্লার চতুর্থ মেয়ে নাসিমা বেগমকে (২৫) বিয়ে করেন। নাসিমার বোন হেলেনা জানান, বিয়ের পর দীর্ঘদিন পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করেন রুহুল। ২০০৭ সালে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি পাথরঘাটায় আসেন তিনি। মোটরসাইকেলে যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করতেন রুহল আমিন।রুহুলের বাড়িতে নাসিমা ও তাঁর সন্তানদের না পেয়ে হেলেনা বিষয়টি পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। সদর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মোল্লা রুহুলকে পরিষদ কার্যালয়ে ডেকে পাঠালে তিনি পালিয়ে যান। চেয়ারম্যান মতিউর রহমান মোল্লা বলেন, রুহুল আমিন পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পাথরঘাটা থানার ওসি মাহে আলম জানান, নাসিমার আত্মীয়স্বজনেরা বিষয়টি তাঁকে জানিয়েছে। তবে এ ব্যাপারে কেউ থানায় মামলা বা লিখিত অভিযোগ দায়ের করেনি। মামলা করলে অবশ্যই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।