চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গতকাল বৃহস্পতিবার তিন সন্তান নিয়ে এক গৃহবধূ বিষপান করেছেন বলে জানা গেছে। এতে ওই গৃহবধূ বেঁচে গেলেও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে। গৃহবধূ ও তাঁর অন্য সন্তানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গৃহবধূর পরিবারের অভিযোগ, তিনি প্রেম করে বিয়ে করেছিলেন। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। এতে রাগে-ক্ষোভে তিনি সন্তানদের নিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। তবে তাঁর শ্বশুরবাড়ির লোকজন বলছে, তিনি মানসিক ভারসাম্যহীন। এ কারণে তিনি এ পথ বেছে নিয়েছেন। পুলিশ, এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের শাহিদা (২৫) গতকাল তাঁর তিন সন্তান আয়েশা (২), মায়সা (১) ও তোহাকে (৪) নিয়ে একসঙ্গে দুপুরের খাবার খান। খাবার শেষে ঘুমানোর সময় তিনি সন্তানদের নিয়ে বিষপান করেন। বিষক্রিয়ায় তাঁর সন্তানেরা ছটফট শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাঁদের আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পথে আয়েশা ও মায়সা মারা যায়। আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ধৃতিমান পাল জানান, মুমূর্ষু অবস্থায় শাহিদা ও তাঁর ছেলে তোহাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানতে চাইলে শাহিদার শাশুড়ি গোলবাহার (৭৫) বলেন, তাঁর ছেলের বউ কিছুটা মানসিক ভারসাম্যহীন। তাই তিনি সন্তানদের নিয়ে বিষপান করেছেন। তবে শাহিদার মামাতো ভাই নুরুল আবছার দাবি করেন, প্রেম করে শাহিদার বিয়ে হয়েছে। এ নিয়ে সংসারে প্রায়ই ঝামেলা বাধত। তাই তিনি ক্ষোভে-দুঃখে বিষপান করেছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।