তিন সন্ত্রাসী গোষ্ঠীকে তালিকাভুক্ত করতে যুক্তরাষ্ট্রের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক তিন সন্ত্রাসী গোষ্ঠীর নাম বাংলাদেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে চিঠি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ তিন গোষ্ঠীর কোনো অস্তিত্ব থাকলে বাংলাদেশকে ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ তিন গোষ্ঠীর কোনো হিসাব বা আর্থিক যোগাযোগ থাকলে তা জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সন্ত্রাসী তিন গোষ্ঠী হলো পাকিস্তানের তারিক গিডার গ্রুপ, আফগানিস্তানের জামায়াত উল দাওয়া আল কোরআন ও সিরিয়ার ইয়ার্মুক মার্টায়ার্স ব্রিগেড।
ব্যাংকগুলোতে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে তিন গোষ্ঠীকে ‘স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট’ হিসেবে তালিকাভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশকে অবহিত করেছে। এ পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ২০ (ক) ধারার বিধান অনুযায়ী ওই গোষ্ঠীর অনুকূলে কোনো তহবিল বা আর্থিক পরিসম্পদ থাকলে তা অবিলম্বে অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া যাচ্ছে। চিঠিতে পাকিস্তানের তারিক গিডার গ্রুপ সম্পর্কে বলা হয়েছে, ২০১৪ সালের ডিসেম্বর পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে হামলায় ১৩২ শিক্ষার্থী ও ৯ কর্মকর্তা হত্যার ক্ষেত্রে গ্রুপটি দায়ী।