তিন সন্ত্রাসী গ্রেপ্তার পিস্তল ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পৃথক ঘটনায় গতকাল সোমবার ও গত রোববার রাতে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার বিশাইদ এলাকার সোহরাব হোসেন ওরফে সুমন (২৬), টঙ্গীর শিলমুন এলাকার সাইফুল ইসলাম (৩০) এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শ্যামপুর গ্রামের জাকির হোসেন (৩৫)। জাকির বর্তমানে টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা। গ্রেপ্তার হওয়া তিনজনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল আটটার দিকে পুলিশ কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের বিশাইদ এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি সুমনকে গ্রেপ্তার করে। পরে সুমনের দেওয়া তথ্যমতে তাঁর নিজ ঘরে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করে পুলিশ। সুমনের বিরুদ্ধে খুন, অপহরণ, ছিনতাইসহ থানায় সাতটি মামলায় পরোয়ানা জারি রয়েছে।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গত রোববার রাত ১০টার দিকে র‌্যাব-১ ও পুলিশ টঙ্গীর এরশাদনগরের ১ নম্বর ব্লকের ক/৪৬ নম্বর বাসায় অভিযান চালিয়ে অপহরণ, ছিনতাইসহ বিভিন্ন মামলার পলাতক আসামি জাকিরকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।এ ছাড়া রোববার রাতে পুলিশ টঙ্গীর শিলমুন এলাকা থেকে সাইফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে। পুলিশ জানায়, সাইফুল চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী।