তিন সন্দেহভাজন এখনো ধরাছোঁয়ার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান মুহম্মদ খিজির খান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মধ্যে তিনজনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ৫ অক্টোবর রাজধানীর মধ্যবাড্ডায় নিজ বাসায় গলা কেটে তাঁকে হত্যা করা হয়।
হত্যার পরদিন খিজির খানের ছোট ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করা হয়।
মামলাটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। পরে বিভিন্ন সময় এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁরা হলেন তরিকুল ইসলাম ওরফে মিঠু, আলেক বেপারী, শামসুদ্দিন, বাবু ও মোস্তফা আহমেদ রাসেল। হত্যাকাণ্ডে এই পাঁচজনসহ মোট আটজন অংশ নিয়েছিলেন।
ডিবির (উত্তর) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, খিজির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, এ হত্যাকাণ্ডে মোট আটজনের একটি দল অংশ নেয়। তবে আটজনই সরাসরি হত্যার সঙ্গে জড়িত নন। এঁদের কেউ বাড়ির বাইরে পাহারা দিয়েছেন, আবার কেউ গাড়ি সরবরাহ করেছেন।
মাহফুজুল ইসলাম বলেন, তদন্তের অগ্রগতি সন্তোষজনক। বাকি তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খিজির খানকে হত্যার আট দিন পর টাঙ্গাইল থেকে তরিকুল ইসলামকে এবং মিরপুর থেকে আলেক বেপারীকে গ্রেপ্তার করা হয়। পরদিন মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, হত্যাকারীরা দুই ভাগে ভাগ হয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। একদল তৃতীয় তলায় গিয়ে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে দুটি ল্যাপটপ, দুটি ক্যামেরা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। আরেক দল দোতলায় এক হয়ে খিজির খানকে গলা কেটে হত্যা করে।