তিন সন্দেহভাজন হত্যাকারীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালীয় নাগরিক হত্যা
ইতালীয় নাগরিক হত্যা

ইতালির নাগরিক সিজার তাবেলার তিন সন্দেহভাজন হত্যাকারীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তাঁদের ছবিও মিলেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মেলেনি বিস্তারিত পরিচয়।
পুলিশ বলছে, সিজারকে হত্যার পরে সন্দেহভাজন তিন খুনি এক মোটরসাইকেলে উঠলেও কিছুদূর গিয়ে পুলিশের চৌকিতে তল্লাশির ভয়ে একজন নেমে যান। এ রকম অবস্থায় একটি ভবনের সিসি ক্যামেরায় তাঁদের ছবি ধরা পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে দুজন যাচ্ছেন আর আরেকজন মুঠোফোন কানে হেঁটে যাচ্ছেন। মোটরসাইকেলের হেডলাইটের আলো তীব্র হওয়ায় এর আরোহীদের ছবি তেমন স্পষ্ট নয়। তবে হেঁটে যাওয়া লোকটির ছবি মোটামুটি স্পষ্ট। কর্মকর্তাদের দাবি, হেঁটে যাওয়া ওই লোকটির কোমরেই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি গোঁজা ছিল। ছবিতেও বিষয়টি বোঝা যায়। তবে তাঁদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন।
এরপরে ডিবির কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের স্থলে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ অস্পষ্ট হলেও গুলশান এলাকা দিয়ে বের হওয়ার ১৩টি পথের ১৫৫টি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে। এর আগেই সিজার হত্যায় অংশ নেওয়া তিন মোটরসাইকেল আরোহীর চেহারার বর্ণনা পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। চেহারার বর্ণনা অনুযায়ী, ছবি এঁকে ভিডিও ফুটেজের সঙ্গে চেহারা মিলিয়ে ও প্রত্যক্ষদর্শীদের দিয়ে সন্দেহভাজন এই তিন খুনিকে শনাক্ত করা হয়েছে।
ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একজন কর্মকর্তা গতকাল বলেন, হত্যাকাণ্ডের পর খুনিরা মোটরসাইকেলে গুলশান ২–এর ৮৩ নম্বর সড়ক ধরে ৮৯ নম্বর দিয়ে বেরিয়ে গেছে। হত্যাকাণ্ডের পরে তিনজন এক মোটরসাইকেলে চড়েই ঘটনাস্থল ত্যাগ করে। তাহলে ছবিতে কেন এক মোটরসাইকেলে দুজনকে দেখা যাচ্ছে জানতে চাইলে ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ওই দিক দিয়ে বের হওয়ার পথেই পুলিশের একটি তল্লাশিচৌকি ছিল। এক মোটরসাইকেলে তিনজনকে দেখলে পুলিশ তল্লাশি করতে পারে। সম্ভবত এটা ভেবে তল্লাশি এড়াতে একজন মোটরসাইকেল থেকে নেমে পড়েন। পুলিশের সন্দেহ এড়ানোর জন্য নেমে পড়া লোকটি মুঠোফোন কানে নিয়ে কথা বলার ভঙ্গি করে হেঁটে ওই জায়গাটি পার হন। হেঁটে চলা ওই লোকটির কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি ছিল বলে গোয়েন্দারা ধারণা করছেন। ওই লোকের হেঁটে যাওয়ার ছবিতে তাঁর কোমরের বাঁ পাশে শার্টের নিচে কিছু গোঁজা রয়েছে বলে স্পষ্ট বোঝা যায়। ওই কর্মকর্তা বলেন, দুটি ছবিই একই ক্যামেরায় ধারণ হয়েছে। হত্যাকাণ্ডস্থল থেকে কিছু দূরে রাস্তার মোড়ের একটি ভবনের নিরাপত্তা ক্যামেরায় সন্দেহভাজনদের এই ছবি ধরা পড়ে।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যাকাণ্ডে যাঁরা সরাসরি অংশ নিয়েছেন, সেই তিনজনকে ঘিরেই মূলত তদন্তকাজ চলছে। প্রথম কাজ হচ্ছে এই তিনজনকে গ্রেপ্তার করা। তাঁদের গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেপ্তার হলেই তাঁদের বিস্তারিত পরিচয় জানা যাবে।