ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের কর্মসৃজন প্রকল্পের ২১৪ জন হতদরিদ্র নারী-পুরুষ তিন সপ্তাহ ধরে পারিশ্রমিক পাচ্ছেন না। বৃহস্পতিবার তাঁদের টাকা দেওয়ার কথা বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান কৃষি ব্যাংকের আলীয়াবাদ শাখায় ডেকে নেন। কিন্তু ব্যাংকে টাকা না থাকায় তা দেওয়া হয়নি।ইউনিয়নের চৌহাট্টা গ্রামের হাসিনা বেগম জানান, ইউপি চেয়ারম্যান বলেছিলেন, বৃহস্পতিবার টাকা দেওয়া হবে। কিন্তু ব্যাংকে গিয়ে তাঁরা টাকা পাননি। সোমবার আবার ব্যাংকে আসতে বলা হয়েছে।কৃষি ব্যাংক বায়তুল আমান শাখা সূত্রে জানা গেছে, ব্যাংক থেকে টাকা দেওয়ার আগের দিন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের ব্যাংকে টাকা দেওয়ার জন্য তালিকা (মাস্টাররোল) জমা দেওয়ার কথা। কিন্তু চেয়ারম্যান তা জমা না দেওয়ায় টাকা উত্তোলন করা হয়নি বলে বৃহস্পতিবার টাকা দেওয়া সম্ভব হয়নি। আলীয়াবাদ ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক দাবি করেন, ব্যাংকে মাস্টাররোল যথাসময়ে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংক বিদ্যুৎ বিল জমা নেওয়া ও একটি বড় পেমেন্ট দেওয়ায় হতদরিদ্রদের টাকা দিতে পারেনি।ব্যাংকের সুপদ কুমার রায় বলেন, ইউপি চেয়ারম্যান সাধারণত আগের দিন টাকার কথা বলে যান। কিন্তু তিনি বুধবার টাকার কথা বলেননি।