ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী মনি রানী দেব হত্যার তিন সপ্তাহ পরও অপরাধীরা ধরা পড়েনি। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
ভোলাচং মালাকারপাড়ার বাসিন্দা মানিক দেব ও সুরেশ কর্মকারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত ৭ জুন সুরেশ কর্মকারের লোকজনের হামলায় মানিকের মেয়ে স্কুলছাত্রী মনি (১৫) নিহত হয়। ৯ জুন নিহত মনির ভাই লোকনাথ দেব বাদী হয়ে সুরেশ কর্মকারকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা মামলা করেন।
অভিযোগ পাওয়া গেছে, মামলায় ভোলাচং গ্রামের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও স্থানীয় ওষুধ ব্যবসায়ী বিকাশ দাসকে হয়রানির উদ্দেশ্যে আসামি করা হয়েছে।
তবে মামলার বাদী লোকনাথ দেব বলেন, ‘আমার বোনকে হত্যার সময় আসামি ফারুক ও বিকাশ ঘটনাস্থলে ছিল না, এটি সত্য। তবে এদের প্ররোচনায় ও পরোক্ষ ইঙ্গিতেই এই হত্যাকাণ্ড ঘটেছে।’ মামলাটি তুলে নিয়ে একটি মহল তাঁদের চাপ দিচ্ছে বলেও জানান লোকনাথ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।