তিন সপ্তাহেও স্কোয়াড্রন লিডারের মৃত্যুর কারণ জানা যায়নি
বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মামুনুর রশিদের মৃত্যুর কারণ তিন সপ্তাহেও জানা যায়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১২ এপ্রিল চট্টগ্রাম মেডিকেলের ফরেনসিক বিভাগে প্যাথলজি প্রতিবেদন পাঠিয়েছে। এরপর আরও দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ফরেনসিক বিভাগ পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে পারেনি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সিআইডির প্যাথলজি প্রতিবেদন আমরা ১২ এপ্রিল চট্টগ্রাম মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠিয়েছি। ফরেনসিক বিভাগ পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে দিলে মৃত্যুর কারণ জানা যাবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরিতে কেন দেরি হচ্ছে তা মেডিকেলের ফরেনসিক বিভাগ ভালো বলতে পারবে।’ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ শীল এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সিআইডি থেকে আমরা প্যাথলজি প্রতিবেদন পেয়েছি। কিন্তু আমাদের নিজস্ব ল্যাব থেকে এখনো ভিসেরা প্রতিবেদন পাইনি। এ কারণে চূড়ান্ত প্রতিবেদন দিতে দেরি হচ্ছে।’ প্রসঙ্গত, ৫ এপ্রিল দুপুরে নগরের স্টেশন রোডের হোটেল সিলভার ইনের ২১৩ নম্বর কক্ষ থেকে মামুনুর রশিদের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি ঢাকার কুর্মিটোলায় বিমানবাহিনীর দপ্তরে কর্মরত ছিলেন। খবর পেয়ে ওই দিন বিকেলে বিমানবাহিনী, র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য হোটেলে ছুটে যান। আনোয়ারার তালসরা দরগায় র্যাবের ডাকাতির ঘটনায় বিমানবাহিনীর এক কর্মকর্তার সম্পৃক্ত থাকার বিষয়টি তদন্ত করতে তিনি ৩ এপ্রিল চট্টগ্রামে এসেছিলেন।