দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মেনে চলছে না। শর্ত পূরণে ব্যর্থ এসব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আগামী তিন সপ্তাহের মধ্যে তাদের করণীয় সম্পর্কে মতামত দিতে বলা হয়েছে। ওই মতামতের ওপর ভিত্তি করে সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। গতকাল বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়ন-সংক্রান্ত এক সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, অধিকাংশ বিশ্ববিদ্যালয় শর্ত পূরণ না করে পুরোনো আইনে ১২ বছর কাটিয়েছেন। এখন নতুন আইনে আবার যদি সময় চান তা বিবেচনা করা যায় কি না, তা চিন্তাভাবনা করে দেখতে হবে। নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা তাদের নতুন করে আর কোনো বিভাগ খোলার বিষয়েও নিষেধাজ্ঞার কথা জানিয়েছি।’ বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণের জন্য অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) শক্তিশালী করার বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকেরা একমত পোষণ করছেন বলে জানান মন্ত্রী।বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর দেশে শাখা স্থাপন নিয়ে একটি বিধিমালা প্রণয়ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ বিধিমালার আলোকেই তাদের সব কার্যক্রম চালাতে হবে। দারুল ইহ্সানসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবৈধ শাখা খোলা ও সনদবাণিজ্যের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনানুগভাবে এসব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলেও ছাত্রদের স্বার্থ রক্ষা করেই বন্ধ করা হবে। ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, আইনের শর্ত পূরণ না করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৫টি।বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান সি এম শফি বলেন, আইনের শর্ত পূরণ করতে পারেনি, কথাটা ঠিক নয়। আগের আইন মেনেই এসব বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল।সভায় শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান উপস্থিত ছিলেন।