ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কারাগারে বন্দী বাংলাদেশিদের অবিলম্বে মুক্ত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে মানবাধিকার কমিশন। সাজার মেয়াদ শেষ হওয়ার পরও যেসব বন্দী দেশে ফিরতে পারছেন না, তাঁদের অবস্থা জানতে চেয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। রাজ্য মানবাধিকার কমিশনের যুগ্ম সচিব সুজয় হালদার গত মঙ্গলবার জানান, রাজ্যের ১১টি কারাগারে এখন ৩০১ জন খালাস পাওয়া বাংলাদেশি বন্দী রয়েছেন। এঁদের মধ্যে ২৫৪ জন পুরুষ ও ৪৭ জন মহিলা। এঁরা কারাদণ্ড ভোগ করার পরও কূটনৈতিক জটিলতার কারণে দেশে ফিরতে পারেননি।কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রথম আলোকে জানান, সরকার সব সময় বন্দী বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে নিয়ে থাকে। বন্দীদের খবর পাওয়ার পর তাঁদের নাগরিকত্ব যাচাই করেই ফিরিয়ে নেওয়া হয়। তবে মাঝেমধ্যে বন্দীদের নাম-ধাম ও ঠিকানায় অসংগতি বা ভুলভ্রান্তি থাকার কারণে দেরি হয়ে থাকে।