তিন সমস্যায় ত্রাহি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার চকবাজারে ১৬৪৪ সালে নির্মিত বড় কাটরা। অযত্নে জর্জরিত অবস্থায় পড়ে আছে ঐতিহ্যবাহী স্থাপনাটি। ছবিটি তুলেছেন সাইফুল ইসলাম
পুরান ঢাকার চকবাজারে ১৬৪৪ সালে নির্মিত বড় কাটরা। অযত্নে জর্জরিত অবস্থায় পড়ে আছে ঐতিহ্যবাহী স্থাপনাটি। ছবিটি তুলেছেন সাইফুল ইসলাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অন্য ওয়ার্ডগুলোর মতো জলাবদ্ধতা, যানজট, সড়কে ময়লা-আবর্জনা—এই তিনটি ৩০ নম্বর ওয়ার্ডের প্রধান সমস্যা। এ সমস্যার সঙ্গেই যেন যুগের পর যুগ বাস করছে এখানকার বাসিন্দারা। কিন্তু সমাধানের কোনো আশা দেখছে না তারা। কারণ, কার্যকর পদক্ষেপের খবরও তাদের জানা নেই।

অথচ এই ওয়ার্ড হতে পারত ঢাকা শহরের অন্যতম ইতিহাসসমৃদ্ধ ওয়ার্ড। ঐতিহাসিক ছোট কাটরা ও বড় কাটরার অবস্থান এই ওয়ার্ডে। কিন্তু সেখানেও দৈন্য প্রকট। রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্যবাহী এই দুটি স্থাপনা বিলীন হওয়ার পথে। স্থানীয় ব্যক্তিদের এখনো আশা, স্থাপনা দুটি রক্ষা ও সংস্কার করলে তা দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠবে।

হাকিম হাবিবুর রহমান রোড, সোয়ারী ঘাট পূর্ব ও পশ্চিম, বড় কাটরা, ছোট কাটরা, দেবীদাস ঘাট লেন, চম্পাতলী লেন, জুম্মম ব্যাপারী লেন, রজনী বোস লেন, রায় ঈশ্বর চন্দ্র শীল বাহাদুর স্ট্রিট, মহিউদ্দিন লেন, জাদব নারায়ণ দাস লেন, ইমামগঞ্জ, মিটফোর্ড রোড, বেড়িবাঁধ রোড নিয়ে ডিএসসিসির ৩০ নম্বর এই ওয়ার্ড গঠিত। এসব এলাকায় ভোটার সংখ্যা প্রায় সাড়ে ১৭ হাজার।

নাগরিকদের সেবায় ওয়ার্ডটিতে কমিউনিটি সেন্টার, কাঁচাবাজার নেই। নামমাত্র একটি ব্যায়ামাগার থাকলে নেই পর্যাপ্ত উপকরণ। গতকাল বুধবার এই এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।

জলাবদ্ধতা

সামান্য বৃষ্টিতেই ওয়ার্ডের দেবীদাস ঘাট লেন, ইমামগঞ্জ বাজার লেন, চম্পাতলী লেনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই পানি সরতে দু–তিন দিন পর্যন্ত সময় লাগে বলে জানিয়েছেন বাসিন্দারা।

দেবীদাস ঘাটের বাসিন্দা মকবুল হোসেন বলেন, ওয়ার্ডের অন্যান্য এলাকা থেকে এই তিনটি এলাকা নিচু। তাই বৃষ্টি হলেই পানি গড়িয়ে এই এলাকায় চলে আসে। এই তিনটি এলাকায় ঢাকা শহরের বৃষ্টির পানি সরাতে ওয়াসার ছয়টি স্টর্ম সুয়ার আছে। কিন্তু স্টর্ম সুয়ারগুলোর মাথায় ময়লা-আবর্জনা জমে আছে। এতে পানি ঠিকমতো সরতে পারছে না। ফলে বৃষ্টি বেশি হলে পানি উপচে সড়ক সয়লাব হয়ে যায়।

যানজট

বাবুবাজার সেতু থেকে কামালবাগ বেড়িবাঁধ সড়ক, মিটফোর্ড রোড, ইমামগঞ্জ, ছোট কাটরা কিংবা বড় কাটরা—ওই ওয়ার্ডের প্রায় সব সড়ক ও লেনেই দিনভর লেগে থাকে তীব্র যানজট। গতকাল দুপুরে দেখা যায়, ইমামগঞ্জের প্রধান সড়ক থেকে শুরু করে প্রতিটি গলিতে যানজট লেগে আছে। এই এলাকার সড়কগুলোতে ফুটপাত না থাকায় পথচারীরাও হাঁটেন সড়ক দিয়ে। যানজটে বসে থেকে যাত্রীদের চোখে-মুখে বিরক্তির ছাপ দেখা গেছে। কিন্তু তা নিরসনে ট্রাফিক পুলিশ বা কমিউনিটি পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি। একইভাবে মিটফোর্ড রোড, বড় কাটরা ও বেড়িবাঁধ সড়কে যানজট দেখা গেছে।

ইমামগঞ্জের বাসিন্দা মোস্তাক আহমেদ বলেন, এই এলাকার সড়কগুলোর প্রশস্ততা মাত্র ১০ থেকে ১২ ফুট। এতে ব্যক্তিগত গাড়ি বা পিকআপ ঢুকলেই সড়কে যানজট তীব্র আকার ধারণ করে। এই অবস্থা থেকে বাঁচতে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। এ ক্ষেত্রে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এই এলাকা থেকে সরিয়ে নেওয়া সবচেয়ে জরুরি।

সড়কে ময়লা-আবর্জনা

ডিএসসিসির এই ওয়ার্ডের মধ্যে খানাখন্দে ভরা সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ সড়ক ও বুড়িগঙ্গা নদীর পাড়ে সবচেয়ে বেশি ময়লা-আবর্জনা স্তূপ হয় আছে। এর মধ্যে পলিথিন ও প্লাস্টিকজাতীয় আবর্জনার পরিমাণই বেশি। এতে সড়কে চলাচল করাই দায়। তা ছাড়া ওই ওয়ার্ডের অন্যান্য সড়কেও ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকতে দেখা গেছে।

দেবীদাস ঘাটের বাসিন্দা সোহেল মিয়া বলেন, বেড়িবাঁধ সড়কে ফুটপাত না থাকায় এই ময়লা-আবর্জনা মাড়িয়েই পথচারীদের চলাচল করতে হয়। করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা তা পরিষ্কার করেন না। বৃষ্টি হলে এই সড়কে কাদাপানির মাখামাখি ও আর শুষ্ক মৌসুমে বাতাসে ওড়ে ধুলাবালি।

ছোট কাটরা ও বড় কাটরা

পুরান ঢাকার মোগল আমলের স্থাপত্য ছোট কাটরা ও বড় কাটরা। বাংলাপিডিয়ায় বলা হয়েছে, মোগল যুগের স্থাপত্যের নিদর্শন হিসেবে এই দুটি কাটরা বেশ গুরুত্বপূর্ণ। এসব কাটরার কক্ষগুলোতে পথচারী ও ব্যবসায়ীরা রাত যাপন করতেন। এর মধ্যে ১৬৪৪ সালে বড় কাটরা নির্মাণ করেন মোগল সুবাহদার শাহ শুজার মীর-ই-ইমারত (প্রধান স্থপতি) দীউয়ান মীর মুহম্মদ আবুল কাসেম। এই কাটরায় ২২টি কক্ষ আছে। আর ১৬৬৪ সালে ছোট কাটরা নির্মাণ করেছেন নওয়াব শায়েস্তা খান। বড় কাটরা থেকে পূর্ব দিকে ১৮৩ মিটার দূরে ছোট কাটরার অবস্থান।

দুটি স্থাপনারই পলেস্তারা উঠে জরাজীর্ণ হয়ে আছে। বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। দেয়ালে পরগাছা জন্মেছে। এর মধ্যে কাটরা দুটির ভেতর ও চারপাশে কয়েক শ দোকানপাট এবং বিভিন্ন ধরনের কারখানা গড়ে উঠেছে। আশপাশে বহুতল ভবন নির্মাণ করায় ঐতিহ্যবাহী এই দুটি স্থাপনা চোখে পড়ছে না। এই দুটি স্থাপনা থেকে কয়েক শ মিটার দক্ষিণে বুড়িগঙ্গা নদী।

চম্পাতলী লেনের বাসিন্দা মো. শাহ আলম বলেন, ২০০৯ সালে এই দুটি স্থাপনা হেরিটেজ ঘোষণা করেছে সরকার। কিন্তু তা রক্ষা বা সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংস্কার করলে তা পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।