তিন সম্পাদকের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌর নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন প্রার্থীই তিনটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে বর্তমান মেয়র হুমায়ুন কবির উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, এস এম রাকিবুল আহসান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মো. নুরুল হক মুন্সী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে আওয়ামী লীগ ও বিএনপি থেকে রাকিবুল আহসান ও হুমায়ুন কবির দুজনই তাঁদের নিজ নিজ দলের সমর্থন পেয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। অপর প্রার্থী নুরুল হক মুন্সী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিন প্রার্থীর মধ্যে আত্মীয়তারও সম্পর্ক রয়েছে। রাকিবুল আহসান ও নুরুল হক মুন্সী দুজনে সম্পর্কে খালাতো ভাই। অপর প্রার্থী বর্তমান মেয়র হুমায়ুন কবির তাঁদের ভাগনে। তাঁরা তিনজনই উচ্চমাধ্যমিক পাস।প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হুমায়ুন কবির ১৯৯৯ ও ২০০৪ সালে পর পর দুবার নির্বাচিত হয়ে কলাপাড়া পৌরসভার চেয়ারম্যান ও মেয়র পদে দায়িত্ব পালন করে আসছেন। বিএনপি থেকে দলীয় সমর্থন পেয়ে তালা প্রতীক নিয়ে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকিবুল আহসান আওয়ামী লীগের সমর্থন পেয়ে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন। আর নুরুল হক মুন্সী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।