তিন সরকারের আমলেও শেষ হয়নি নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সরকারের আমলেও শেষ হয়নি কুমিল্লার চারটি সরকারি হাসপাতালের নির্মাণকাজ। এ কারণে সংশ্লিষ্ট উপজেলার প্রায় ১০ লাখ বাসিন্দা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতাল চারটি হলো মনোহরগঞ্জ উপজেলা ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর দক্ষিণ উপজেলা ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ও একই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতাল এবং বরুড়া উপজেলার সোনাইমুড়ি ২০ শয্যা হাসপাতাল।স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তারা জানান, বিগত চারদলীয় জোট সরকারের আমলে কুমিল্লার মনোহরগঞ্জ ৩১ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শুরু হয়। ২০০৬ সালের ৬ আগস্ট সাত কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে ওই হাসপাতাল নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। ওই বছরের ৭ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এম এন্টারপ্রাইজ কাজ শুরু করে। ১৮ মাসের মধ্যে ওই কাজ শেষ করার কথা ছিল। কিন্তু একপর্যায়ে কাজ বন্ধ হয়ে যায়। ২০১২ সালের আগস্টে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়। এক মাস আগে ওই হাসপাতালের কাজ শেষ করার জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে চার কোটি ৩২ লাখ টাকা চেয়ে আবেদন করা হয়। আগের ঠিকাদার ৭২ শতাংশ কাজ করেছেন বলে অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করা হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ২০০৬ সালের ২৮ জুন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ দেওয়া হয়। সাত কোটি ৬০ লাখ ৪১ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে ওই হাসপাতালের কাজ পায় মেসার্স আজাদ কনস্ট্রাকশন। ২০০৬ সালের ৫ নভেম্বর ওই হাসপাতালের কাজ শুরু হয়। ১৮ মাসের মধ্যে ওই কাজ শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করেই চলে যায়। ওই হাসপাতালের ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে।একই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতালের কার্যাদেশ দেওয়া হয় ২০০৫ সালের ২১ জুন। পাঁচ কোটি ৪২ লাখ ২৮ হাজার টাকার ওই কাজ পায় মেসার্স সুরমা ইন্টারন্যাশনাল। ২০০৫ সালের ১৩ জুলাই ওই কাজ শুরু হয়। ১৮ মাসের মধ্যে ৫৭ শতাংশ কাজ শেষ হয়। বর্তমানে ওই হাসপাতালের অবশিষ্ট অংশের কাজ শেষ করতে আরও চার কোটি টাকা প্রয়োজন। এরই মধ্যে সুরমা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।জানা যায়, বরুড়ার ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে ২০ শয্যা হাসপাতালের কার্যাদেশ দেওয়া হয় ২০০২ সালের ২৩ মার্চ। চার কোটি ১৩ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে ওই হাসপাতালের কাজ শুরু হয় ২০০৩ সালের ১৯ মে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৈয়দ আবদুর রউফ ওরফে মুক্তা ওই কাজ পায়। ১৮ মাসের মধ্যে ওই হাসপাতালের ৭০ শতাংশ কাজ হয়। স্থান নির্বাচন নিয়ে মামলা থাকায় হাসপাতালটির ভবনের কাজ শেষ হওয়ার পরে আর কোনো কাজ হয়নি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লার সহকারী প্রকৌশলী শওকত মুহিবুর রব বলেন, ‘ইতিমধ্যে মনোহরগঞ্জ ও বাগমারা হাসপাতালের কাজের জন্য নতুন করে বরাদ্দ চাওয়া হয়েছে। সোনাইমুড়ির হাসপাতাল নিয়ে মামলা চলছে। সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পথে।’