বরিশালে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব সিদ্দিকী রাফি (১৭) হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)৷ হত্যাকাণ্ডের চার বছর পর গত বুধবার বিকেলে সাকিবের তিন সহপাঠীকে আসামি করে এই অভিযোগপত্র দেওয়া হয়৷
অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১০ সালের ৬ জানুয়ারি নগরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাদ থেকে ফেলে সাকিবকে হত্যা করে তার তিন সহপাঠী৷
তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি পুলিশের পরিদর্শক মো. সেলিম শাহনেওয়াজ জানান, মামলাটি তিনি আড়াই বছর তদন্ত করেছেন৷ তদন্তে হত্যাকারী হিসেবে তিন বন্ধুকে অভিযুক্ত করা হয়েছে৷ বুধবার তিনি মহানগর হাকিমের আদালতে ওই অভিযোগপত্র দেন৷
সাকিবের বাবা বাহাউদ্দিন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমার সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ সাড়ে চার বছর পর তিন হত্যাকারীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে৷ আসামিরা বর্তমানে জামিনে রয়েছে৷ আমি আমার সন্তানের হত্যাকারীদের বিচার চাই৷’