তিন সহোদরসহ ৪ ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলার বারমাইস্যা গ্রামে জোড়া খুনের মামলার রায়ে তিন সহোদরসহ চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আসামিদের প্রত্যেককে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ গতকাল রোববার বিকেলে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার লয়খা গ্রামের কফিল উদ্দিনের তিন ছেলে সায়েদুল, ছামেদুল ও সহিদুল এবং একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে লাল মিয়া। এদের মধ্যে লাল মিয়া পলাতক এবং অন্যরা জেলা কারাগারে আছেন।
আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, উপজেলার শালখা গ্রামের মোফাজ্জল হোসেনের সঙ্গে দণ্ডপ্রাপ্তদের বিভিন্ন বিষয়ে বিরোধ ছিল। ২০০১ সালের ১০ অক্টোবর মোফাজ্জল নকলার বারমাইস্যা বাজারে গেলে দণ্ডপ্রাপ্তদের নেতৃত্বে একদল লোক দা, লাঠি, রড ইত্যাদি দেশি অস্ত্রসহ অতর্কিতে তাঁর ওপর হামলা চালান। এ সময় বাজারে অবস্থানরত সালখা গ্রামের ইসমাঈল হোসেন ও আবুল কালাম আহত মোফাজ্জলকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদেরও গুরুতর জখম করেন। আহতদের চিৎকার শুনে বাজারের লোকজন গিয়ে তাঁদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কিন্তু রাতেই নকলা হাসপাতালে মোফাজ্জল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবুল কালাম মারা যান।
এ ঘটনায় নিহত মোফাজ্জলের স্ত্রী আনোয়ারা বেগম ১৩ জনকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা করেন। ২০০২ সালের ১৩ ফেব্রুয়ারি নকলা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। শুনানি ও সাক্ষ্য শেষে গতকাল আদালত চারজনকে উক্ত দণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি নয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
২০০১ সালের ১২ অক্টোবর জোড়া খুনের এ ঘটনায় প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়েছিল।