বাগেরহাটে কৃষক সুশান্ত ওরফে কালাচাঁদ মল্লিক হত্যা মামলার রায়ে তিন সহোদরসহ চার ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এই আদেশ দেন।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের খাড়াসম্বল গ্রামের দিলীপ মণ্ডল এবং একই গ্রামের মৃত বিপীন মল্লিকের তিন ছেলে সুসেন মল্লিক, দীপঙ্কর মল্লিক ও সুভাস মল্লিক। আর খালাস পাওয়া ব্যক্তিরা হলেন ওই গ্রামের তপন মল্লিক ও অশোক মণ্ডল।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ আলী জানান, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি ভোরে সদর উপজেলার খাড়াসম্বল গ্রামের সুধীর মল্লিকের ছেলে সুশান্ত নিজের চিংড়িঘেরে গিয়ে নিখোঁজ হন। পরে ঘেরের পাশে সফেদ ফকিরের কাটাখালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ দেখতে পাওয়া যায়। আসামিদের সঙ্গে নিহত ব্যক্তির জমিসংক্রান্ত বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে আসামিরা সংঘবদ্ধ হয়ে সুশান্তকে শ্বাসরোধে হত্যা করেন বলে আদালতে পুলিশের দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিহত সুশান্তর বোন শোভা রানী মল্লিক বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) কাজী মফিজুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ২ আগস্ট ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছেন।