তিন সহোদরসহ ৫ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপড় ব্যবসায়ী নুরুজ্জামানকে হত্যার দায়ে তিন সহোদর ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. মোতাহার হোসাইন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন মাদারীপুর জেলার রাজৈর থানার সুতারকান্দি গ্রামের মৃত সিরাজ ব্যাপারির তিন ছেলে আরিফ, শরিফ ও সজিব ব্যাপারি এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার উত্তর কামারগাঁওয়ের মালেক হাওলাদারের ছেলে ফরহাদ হাওলাদার ও পটুয়াখালী জেলার চামটা শালিকখারী গ্রামের আবু তালেবের ছেলে সোহেল। মামলার রায়ের বিরুদ্ধে আসাসিরা ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। রায় ঘোষণার আগে তিন সহোদরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামি ফরহাদ ও সোহেল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁদের জামিন বাতিল করে প্রত্যেকের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দেন। ঘটনার বিবরণে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামিরা কাপড় ব্যবসায়ী নুরুজ্জামানের দোকানের কর্মচারী ছিলেন। দোকান থেকে টাকা চুরি হওয়ার ঘটনায় নুরুজ্জামান আসামিদের সন্দেহ করেন। এ নিয়ে আসামিদের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। আসামিরা ২০১১ সালের ২৩ অক্টোবর নুরুজ্জামানকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী আকলিমা আকতার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।