র্যাব পরিচয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভায়াবহ গ্রাম থেকে তিন সহোদরকে চোখ বেঁধে ‘তুলে নিয়ে যাওয়ার’ দুই দিন পরও সন্ধান মেলেনি। গত বুধবার গভীর রাতে তাঁদের বাড়ি থেকে র্যাবের গাড়িতে তুলে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
ওই তিন ভাইয়ের নাম যথাক্রমে আবু হানিফ (২৩), নাজমুল হক (১৮) ও ছানোয়ার হোসেন (১৪)। হানিফ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। নাজমুল ভালুকা ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ও ছানোয়ার ভালুকা পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তাঁদের বাবা আসাদ উল্লা একজন কৃষক।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, একদল লোক গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে ভায়াবহ গ্রামের আসাদ উল্লার বাড়িতে যায়। তাদের পরনে কালো পোশাক ছিল। লোকগুলো নিজেদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য বলে পরিচয় দেন। ওই বাড়ির বিভিন্ন কক্ষের দরজার কড়া নেড়ে পরিবারের সদস্যদের ঘুম থেকে ডেকে তোলেন। একপর্যায়ে দুটি কক্ষের দরজা ভেঙে আবু হানিফ, নাজমুল ও ছানোয়াকে বের করে আনেন। পরে কাপড়ে চোখ বেঁধে তিন ভাইকেই গাড়িতে তুলে নিয়ে যান।
আসাদ উল্লা প্রথম আলোকে জানান, ‘গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট দেওয়ার উদ্দেশ্যে আগের রাতে হানিফ বাড়ি আসে। এরপর চলে যেতে চাইলে কৃষিকাজে আমাকে একটু সাহায্য করার জন্য কিছুদিন থেকে যেতে বলি। এরপর ওই রাতে তাদের তুলে নিয়ে যায়।’
ওই তিন সহোদরের খালাতো ভাই সালাহউদ্দিন জাহাঙ্গীর গতকাল সন্ধ্যায় বলেন, ‘পুলিশ ছাড়াও আমরা ব্যক্তিগতভাবে র্যাবের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে এখন পর্যন্ত তিন ভাইয়ের কোনো সন্ধান পাইনি।’
হানিফ বুধবার সারা দিন তাঁর বাবার সঙ্গে কৃষিজমির আগাছা বাছাইয়ের কাজ করেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। গ্রামের একাধিক বাসিন্দা জানিয়েছেন, ওই তিন ভাই নিরীহ। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তাঁরা কারও সঙ্গে কোনোদিন ঝগড়া-বিবাদেও জড়াননি।
ভালুকা মডেল থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর ময়মনসিংহ ও গাজীপুর র্যাবের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। কিন্তু র্যাব জানিয়েছে, তারা এ ধরনের কোনো অভিযান পরিচালনা করেনি। তিন সহোদরকে র্যাব নাকি অন্য কেউ তুলে নিয়ে গেছে, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ওই পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে থানায় মামলা নেই।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘হানিফের ব্যবহূত মুঠোফোনটি পুলিশের সংগ্রহে আছে। এর কললিস্ট দেখে আমরা প্রথমিক তদন্ত শুরু করেছি।’
ওসি আরও জানান, সম্প্রতি উপজেলায় প্রিজন ভ্যানে গুলি করে জঙ্গি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, জানতে ময়মনসিংহ ডিবি কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু ডিবির ওসি মাজেদুর রহমান জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই বলে জানান।