তিন সাংবাদিক আহত, পত্রিকাবাহী গাড়ি ভাঙচুর
বিএনপি ও ১৮-দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও ককটেল বিস্ফোরণে তিন সাংবাদিক আহত হয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা প্রথম আলোসহ পত্রিকাবাহী বেশ কয়েকটি গাড়িতেও হামলা চালায়।
আহত সাংবাদিকেরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের ঢাকার প্রতিবেদক রাশেদ নিজাম, আরটিভির নাটোরের ভিডিও চিত্রগ্রাহক শেখ তোফাজ্জল হোসাইন এবং সময় টেলিভিশনের রাজশাহীর ভিডিও চিত্রগ্রাহক আবদুস সালাম। আবদুস সালামের ওপর হামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে তোফাজ্জলের অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রথম আলোসহ পত্রিকাবাহী গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঢাকায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গাড়িকেও লক্ষ্য করে ককটেল ছোড়া হয়।
হরতালের আগের দিন গত শনিবার রাতেও বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১-এ বোমা হামলায় চালায় দুষ্কৃতকারীরা। এতে গুরুতর আহত হন চ্যানেলটির জ্যেষ্ঠ নিউজরুম এডিটর জাকারিয়া বিপ্লব। আহত হন ভিডিও চিত্রগ্রাহক আলমগীর হোসেন। জাকারিয়াকে প্রথমে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। একই দিন চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় বিএনপির সমাবেশ চলাকালে তিন-চারজন সাংবাদিক লাঞ্ছিত হন।
নাটোরে সাংবাদিক গুরুতর আহত: প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের শুরু থেকেই নাটোর পুরাতন বাস টার্মিনালে অবস্থান নেয় আওয়ামী লীগ ও যুবলীগ। আর ফায়ার সার্ভিসের সামনে অবস্থান নেয় বিএনপি। দুপুর পৌনে ১২টার দিকে দুই পক্ষ স্লোগান দিতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষের ছবি তোলার সময় তোফাজ্জল গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। ওই সময় কয়েকজন যুবক তাঁকে লাঠি দিয়ে বেদম পেটালে তাঁর অবস্থা আরও খারাপ হয়। তাঁরা ক্যামেরা ভেঙে দেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেলের চিকিৎসক আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আঘাত তোফাজ্জলের ফুসফুস স্পর্শ করেছে। ফলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত নয়।
ককটেল হামলা: রাজধানীর মৌচাক ও মালীবাগে গতকাল সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের গাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণে এ সময় টোয়েন্টিফোরের প্রতিবেদক রাশেদ নিজাম আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সোয়া দুইটার দিকে মগবাজার ওয়্যারলেস গেটের সামনে চ্যানেল টোয়েন্টিফোরের গাড়ি লক্ষ্য করে একদল পিকেটার ককটেল ছুড়ে মারলে গাড়ির ভেতরে থাকা রাশেদ নিজাম আহত হন। তাঁর বাঁ হাত, পেট, দুই পা’সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে।
এদিকে প্রায় একই সময়ে বেসরকারি চ্যানেল এসএ টেলিভিশনের একটি গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।
রাজশাহীতে হামলা: আমাদের রাজশাহী প্রতিনিধি জানান, গতকাল সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়ের রাজশাহীর ভিডিও চিত্রগ্রাহক আবদুস সালামের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তারা নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় তাঁকে ঘিরে ধরে ক্রিকেট খেলার ব্যাট ও স্টাম্প দিয়ে পেটায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে।
প্রথম আলোসহ পত্রিকাবাহী গাড়িতে ভাঙচুর: সংবাদপত্র পরিবহনের গাড়ি হরতালের আওতামুক্ত ঘোষণা করা হলেও রোববার রাতে বগুড়ায় প্রথম আলো পত্রিকা পরিবহনের তিনটি গাড়িতে দুই দফা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন হরতাল-সমর্থকেরা। রোববার রাত সাড়ে ১১টা ও ভোর পাঁচটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার পৃথক দুটি স্থানে প্রথম আলো পরিবহনের তিনটি গাড়ি আটকে ওই হামলা চালানো হয়।
আমাদের নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর চৌমুহনী-মাইজদী সড়কের গ্লোব বিস্কুট ফ্যাক্টরির কাছে গতকাল হরতালের দ্বিতীয় দিন ভোরে সংবাদপত্র বহনকারী একটি গাড়িতে হামলা চালান হরতাল-সমর্থকেরা। এ ছাড়া একই সড়কের মাইজদী টেলিভিশন সেন্টারের কাছেও সংবাদপত্র বহনকারী আরেকটি গাড়িতে হামলা চালানো হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নোয়াখালী শহরের সংবাদপত্র পরিবেশক মুলতানুর রহমান বলেন, ‘সংবাদপত্রের গাড়ি সব সময়ই হরতালের আওতামুক্ত, এটি সবারই জানা। কিন্তু এর পরও সংবাদপত্রবাহী গাড়িতে হামলার ঘটনা দুঃখজনক।’