তিন সাংবাদিক লাঞ্ছিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরীর নেতৃত্বে গতকাল শুক্রবার তিন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নেতার গ্যারেজের অবৈধ বিদ্যুৎ-সংযোগ থেকে ইজিবাইকের ব্যাটারি চার্জ করতে গিয়ে নিহত এক যুবকের ছবি তুলতে গেলে ওই ঘটনা ঘটে।
লাঞ্ছনার শিকার সাংবাদিকেরা হলেন ভোরের কাগজ-এর উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, যায়যায়দিন-এর কামাল হোসেন খান ও ভোরের ডাক-এর শহীদুল ইসলাম। ব্যাটারি চার্জ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত যুবকের নাম কুদ্দুস (২৬)।
সকালে কালীপুর বাজারে সোহেলের গ্যারেজে ব্যাটারি চার্জ করতে যান কুদ্দুস। একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে ওই তিন সাংবাদিক কুদ্দুসের ছবি তুলতে চাইলে সোহেল বাধা দেন। একপর্যায়ে সোহেল তাঁর লোক নিয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করেন। অবৈধ বিদ্যুৎ-সংযোগ প্রসঙ্গে সোহেল বলেন, ‘যা পারেন লেখেন, কিছুই হবে না।’