তিন সাংবাদিক লাঞ্ছিত
গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগের এক কর্মী তিন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে ওই তিন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ করেন।যুবলীগের কর্মীর হাতে লাঞ্ছিত হওয়া সাংবাদিকেরা হলেন দৈনিক ডেসটিনির কালিয়াকৈর প্রতিনিধি আরিফ হোসেন, একুশে টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় ও বাংলাভিশনের গাজীপুর প্রতিনিধি শাহজাহান মিয়া।মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপনে তফসিল ঘোষণা করে নিজস্ব লোকজন দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করেছেন—এ অভিযোগ পেয়ে গত মঙ্গলবার সকালে ওই তিন সাংবাদিক স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে বিষয়টি জানতে চান। ওই কক্ষে আগে থেকে বসে থাকা জেলা যুবলীগের সদস্য আবুল হোসেন সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে আবুল হোসেন ওই তিন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর সাংবাদিকেরা ওই স্কুল থেকে বের হয়ে এসে বিষয়টি কালিয়াকৈর প্রেসক্লাবে জানান। পরে প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে জানান, যুবলীগের কর্মীরা স্কুলের কেউ নন। তাঁদের সঙ্গে সাংবাদিকদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে সঠিক নিয়মেই কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।যুবলীগের কর্মী আবুল হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। আমি কাউকে লাঞ্ছিত করিনি।’