তিন সাংবাদিকসহ চারজনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি কারখানার মধ্যে বিস্ফোরকদ্রব্য রেখে কারখানার মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে তিন সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল সোমবার কারখানার মালিক নূরুল হক বাদী হয়ে ওই মামলা করেন।
মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন শুনানি শেষে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আরজিটিকে থানায় এজাহার হিসেবে নেওয়ার আদেশ দেন।
মামলায় আসামিরা হলেন উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মো. খোকন, দৈনিক সংবাদ-এর মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি মজিবর রহমান, আমার দেশ পত্রিকার প্রতিনিধি হারুন অর রশিদ ও মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মো. মামুন।
মামলার আরজি সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে মো. খোকন মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ বন্দর এলাকায় ফাতিমা রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলে এসে একটি থলের মধ্যে চাল আছে বলে রেখে যান। অন্ধকারের মধ্যে কারখানার কর্মচারী থলেটি রেখে দেন। এর ১০ মিনিট পর বিদ্যুৎ এলে খোকনসহ আসামিরা মিলের ভেতরে ঢুকে বলেন, থলের মধ্যে পেট্রলবোমা আছে। এরপর তাঁরা থলে থেকে ছয়টি কাচের বোতলে থাকা বিস্ফোরকদ্রব্য বের করেন। একই সঙ্গে কারখানার মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা একপর্যায়ে দুই লাখ টাকা দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে সাংবাদিক মজিবর রহমান ও হারুন অর রশিদ বলেন, খোকনের কাছ থেকে মিলে পেট্রলবোমা পাওয়ার খবর পেয়ে তাঁরা সাংবাদিক হিসেবে সেখানে যান। এরপর পেট্রলবোমা-সদৃশ ছয়টি বোতলের ছবি তোলেন। এ ছাড়া তাঁরা তাৎক্ষণিকভাবে ঘটনাটি জেলা পুলিশ সুপারকে মুঠোফোনে জানান। ঘটনার পর থেকে খোকন পলাতক।
বাদী নূরুল হকের অভিযোগ, সাংবাদিকেরা যখন দুই লাখ টাকা চাঁদা দাবি করছিলেন তখন তাঁর ছেলে রিয়াজুল হক ঘটনাস্থলে আসেন। তিনি আসামিদের ওই টাকা দিতে অস্বীকৃতি জানান। এ সময় সাংবাদিকদের একজন পুলিশ সুপারকে ফোন দেন।
পুলিশ সুপার ওয়ালিদ হোসেন বলেন, ঘটনাটি তাঁকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। বেশ পরে জানানো হয়েছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আদালতের আদেশের কপি এখনো হাতে পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’