তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক শহীদুল ইসলামসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন। একই সঙ্গে এ ঘটনার জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউসে রাজনৈতিক নেতা, পুলিশ ও সাংবাদিকের এক সভায় পুলিশ কমিশনার ওই ঘোষণা দেন। সাংবাদিকদের মামলায় জড়ানোর জন্য দুঃখ প্রকাশ করে মো. শামসুদ্দিন বলেন, নগরের আইনশৃঙ্খলা রক্ষায় সাম্প্রতিক সময়ে পুলিশকে কঠোর হতে হয়েছে। তবে সাংবাদিকদের কেন মামলায় জড়ানো হয়েছে, তা জানতে নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক শহীদুল ইসলাম, যুগান্তর পত্রিকার রাজশাহী ব্যুরোপ্রধান আনু মোস্তফা ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাম্যান রায়হানুল ইসলামের বিরুদ্ধে গত মাসে তিনটি করে মামলা করে পুলিশ। এসব মামলায় তাঁদের বিরুদ্ধে বাস পোড়ানো ও পুলিশের ওপর ককটেল হামলার মতো অভিযোগ আনা হয়।