তিন সাংসদকে কারণ দর্শানোর নোটিশ
পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সাংসদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
তিন সাংসদ হলেন, বরগুনা-২ আসনের হাচানুর রহমান, ঢাকা-২০ আসনের এম এ মালেক ও নাটোর-২ আসনের শফিকুল ইসলাম। কমিশন সচিবালয়ের উপসচিব শামসুল আলমের সই করা এই নোটিশ আজ রোববার রাত নয়টার দিকে সাংসদদের ঠিকানায় পাঠানো হয়েছে।
রাতে উপসচিব শামসুল আলম টেলিফোনে প্রথম আলোকে বলেন, হেলিকপ্টার নিয়ে নির্বাচনী এলাকায় যাওয়া, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত থাকা এবং নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় এঁদের কারণ দর্শাতে বলা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ, হুইপ, বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতাসহ সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি, সংসদ সদস্য ও সিটি করপোরেশনের মেয়ররা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না।
কমিশন সচিবালয় থেকে আরও জানা যায়, মন্ত্রী-সাংসদেরা যাতে নির্বাচনী প্রচারে অংশ না নেন, সে জন্য আজ রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সংসদের স্পিকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সই করেছেন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম।