তিন সাংসদের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দুঃখ প্রকাশ করলেন আওয়ামী লীগের তিন সাংসদ এম এ মালেক (ঢাকা-২০), শফিকুল ইসলাম (নাটোর-২) ও শওকত হাচানুর রহমান (বরগুনা-২)। একই সঙ্গে তাঁরা ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন।
আচরণবিধি অনুযায়ী সাংসদেরা পৌরসভা নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না। কিন্তু এই তিন সাংসদ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজ এলাকার দলীয় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন। এ জন্য গত রোববার কমিশন এই তিন সাংসদকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়। জবাবে তিন সাংসদ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে কমিশনকে চিঠি দিয়েছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তিনজন সাংসদ দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, মন্ত্রী ও সংসদেরা যাতে আচরণবিধি মেনে চলেন, সে জন্য মন্ত্রিপরিষদ সচিব এবং সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে।
শওকত হাচানুর রহমান গতকাল কমিশনে গিয়ে নোটিশের জবাব দেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি অনিচ্ছাকৃত ভুল ছিল। হেলিকপ্টার নিয়ে নির্বাচনী এলাকায় যাওয়া যাবে না, তা আমার জানা ছিল না।’