তিন সাংসদের শপথ
দশম জাতীয় সংসদের নির্বাচিত তিন সাংসদ শপথ নিয়েছেন। আজ সোমবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী সংসদের শপথকক্ষে তাঁদের শপথ করান। এঁদের মধ্যে একজন জাতীয় পার্টির এবং দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ যাঁরা শপথ নিয়েছেন, তাঁরা হলেন গাইবান্ধা-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সাংসদ আবুল কালাম আজাদ, বগুড়া-৭ থেকে নির্বাচিত জাপার সাংসদ আলতাফ হোসেন, যশোর-৫ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ স্বপন ভট্টাচার্য।
এ সময় ডেপুটি স্পিকার শওকত আলী, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
দশম জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩টি আসনে প্রার্থীরা জয়ী হয়েছেন। আর বাকি ১৪৭টি আসনে ৫ জানুয়ারি ভোট গ্রহণ করা হয়।
কিন্তু সেদিন দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের সহিংসতার মুখে ব্যালট পেপার ছিনতাই ও ভোটকেন্দ্রে আগুন দেওয়ার কারণে ছয় জেলার আটটি আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
স্থগিত হওয়া ওই আটটি আসনের মধ্যে ১৬ জানুয়ারি সাতটিতে আবার ভোট গ্রহণ করা হয়। হাইকোর্টের নিষেধাজ্ঞায় কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ পুনরায় স্থগিত করা হয়। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনের রিটের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
নির্বাচন সম্পন্ন হওয়া ২৯৯টি আসনের মধ্যে এ পর্যন্ত আওয়ামী লীগ ২৩৪টি, জাতীয় পার্টি ৩৪, স্বতন্ত্র প্রার্থী ১৬ ও অন্যরা ১৭টি আসন পেয়েছে।
এর মধ্যে ২৯০ জনকে সাংসদ ঘোষণা করে ৮ জানুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এরপর নতুন নির্বাচিত সাত সাংসদের নামে শনিবার আবার গেজেট প্রকাশিত হয়।
সাত সাংসদের মধ্যে দিনাজপুর-৪ আসনের আবুল হাসান মাহমুদ আলী, গাইবান্ধা-১ আসনের মঞ্জুরুল ইসলাম লিটন, গাইবান্ধা-৩ আসন থেকে নির্বাচিত ইউনুস আলী সরকার এবং লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচিত তরীকত ফেডারেশনের নেতা এম এ আউয়াল গতকাল রোববার শপথ নেন।
যশোর-১ ও যশোর-২ আসনে ফল প্রকাশ হলেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ওই দুই আসনে গেজেট প্রকাশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।