রেলে নিয়োগে ফুয়েল চেকার পদে দুর্নীতির মামলায় তিন সাক্ষীকে জেরা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে আসামিপক্ষের আইনজীবী এ জেরা করেন।
আজ বৃহস্পতিবার পরবর্তী সাক্ষীদের জেরার দিন ধার্য রয়েছে। দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, রেলে নিয়োগে ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির মামলায় সাক্ষী রেল কর্মকর্তা এস এম আবদুল্লাহ, শামসুদ্দীন ও আলাউদ্দিনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। জেরাকালে তাঁরা জব্দ তালিকা তৈরির সময় সাক্ষী ছিলেন বলে জানান। জেরাকালে আসামির কাঠগড়ায় ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বরখাস্ত) জিএম ইউসুফ আলী মৃধাসহ আসামিরা।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের ফুয়েল চেকার পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।