মওজুদবিরোধী অভিযানে দিনাজপুরে বিসিআইসির তিন ডিলারের গুদামে ঘোষিত মওজুদের চেয়ে নয় হাজার ৬৫৪ বস্তা অতিরিক্ত ইউরিয়া সার পাওয়া গেছে। অভিযানকারী ম্যাজিস্ট্রেট গুদাম দুটি সিলগালা করে দিয়েছেন। তিনজন সার ডিলার হলেন মেসার্স কামিল উদ্দিন চৌধুরী, মেসার্স মোসাদ্দেক হোসেন ও মেসার্স আবদুস সাত্তার। তাঁদের দাবি, কোনো অসৎ উদ্দেশ্যে নয়, গত দুই মাসে অবিক্রীত থাকার কারণে ওই মওজুদ সৃষ্টি হয়েছে। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুর রহমান জানান, দিনাজপুর শহরের পুলহাট বাণিজ্যিক এলাকার বিসিআইসির তিনজন পাইকারি ডিলারের দুটি গুদামে ১৫ হাজার ৬২০ বস্তা ইউরিয়া সার পাওয়া গেছে। ১ জুন ওই তিন ব্যবসায়ী উপজেলা কৃষি কর্মকর্তার কাছে তাঁদের গুদামে মওজুদ ইউরিয়ার পরিমাণ দেখিয়েছিলেন পাঁচ হাজার ৯৬৬ বস্তা। তা ছাড়া তাঁরা অতিরিক্ত মওজুদ রাখার বিষয়টি গোপন করেছেন। দিনাজপুরের জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, ঘোষিত মওজুদের অতিরিক্ত ইউরিয়া যে ডিলারদের কাছে পাওয়া গেছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।