এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভূমি কার্যালয়গুলোকে তিনটি সার্কেলে বিভক্ত করা হচ্ছে।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা প্রথম আলোকে বলেন, ‘ভূমি-সংক্রান্ত বিষয়ে মানুষের দুর্ভোগ কমাতে আমরা উপজেলা ভূমি কার্যালয়গুলোকে তিনটি সার্কেলে বিভক্ত করে তিনজন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ ও দুটি ইউনিয়নে নিজস্ব ভূমি কার্যালয় নির্মাণের জন্য প্রস্তাব করে মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। সরকার আমাদের এ প্রস্তাব বাস্তবায়নে গত সোমবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।’
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে পিরোজপুর ও নোয়াগাঁও ইউনিয়নে কোনো ভূমি কার্যালয় নেই। জনদুর্ভোগ কমাতে এ দুটি ইউনিয়নে কার্যালয় নির্মাণ করা হবে।
এ ছাড়া ১ লাখ ৭১ হাজার ৬৬ বর্গকিলোমিটার আয়তনের এ উপজেলার বাসিন্দাদের ভূমি-সংক্রান্ত সব ধরনের কাজ মাত্র একজন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে করতে হয়। এ কারণে অতিরিক্ত সময় লাগে। এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়। তাই বাসিন্দারা নারায়ণগঞ্জ সদর উপজেলার মতো সোনারগাঁ উপজেলাকে তিনটি সার্কেলে বিভক্ত করার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন।