তিন সিটিতে ভোট গ্রহণ শুরু

ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত।
তিন সিটি করপোরেশনের এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যেমন আগ্রহ আছে, তেমনি আছে শঙ্কাও।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ তিন সিটি করপোরেশন নির্বাচনে ৬০ লাখ ৩৩ হাজার ১২৫ জন ভোটার ভোট দেবেন। ঢাকা উত্তরে ভোটার প্রায় সাড়ে ২৩ লাখ, দক্ষিণে ১৮ লাখ ৭০ হাজার এবং চট্টগ্রামে ১৮ লাখ ১৩ হাজার।
আজকের নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে বেশি আলোচনায় আছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক ও বিএনপি-সমর্থিত তাবিথ আউয়াল, ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মির্জা আব্বাস ও আওয়ামী লীগ-সমর্থিত সাঈদ খোকন। চট্টগ্রামে রয়েছেন বিএনপি সমর্থিত মোহাম্মদ মনজুর আলম ও আওয়ামী লীগ-সমর্থিত আ জ ম নাছির উদ্দিন।
আজকের নির্বাচনে তিন সিটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৮ হাজার ৭৩০ সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরে ৩০ হাজার ৭৬৪, দক্ষিণে ২৬ হাজার ৪৯৬ ও চট্টগ্রামে ২১ হাজার ৪৭০ সদস্য দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন বলেছে, তিন সিটিতে তিন ব্যাটালিয়ন (এক ব্যাটালিয়ন ৭৪১ জন) সেনাসদস্য দায়িত্ব পালন করবেন। তবে তাঁরা মাঠে নয়, সেনানিবাসেই অবস্থান করবেন। প্রয়োজন পড়লেই কেবল সেনানিবাসের বাইরে যাবেন।