তিন সিটি নির্বাচন নিরপেক্ষ করার প্রত্যয় সিইসির
ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিল প্রার্থীদের সঙ্গে মতবিনিময় কালে সিইসি এ কথা বলেন। সিইসি বলেন, ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, এসব নেওয়া হয়েছে।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাঁরা ভুল তথ্য দিয়েছেন, তাঁদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না-এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভুল তথ্যদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ চিনে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কমিশন প্রার্থীদের তথ্য খতিয়ে দেখছে। নির্বাচন শেষ হওয়ার পরও যদি ভুল ধরা পড়লে তখনো ব্যবস্থা নেওয়া হবে।