তিন সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। অসংগতি ও অনিয়মে ভরা এ নির্বাচন গ্রহণযোগ্য নয়। নির্বাচনে যেসব কেন্দ্রে কম ভোট গৃহীত হয়েছে, সেখানে বিএনপি-সমর্থিত প্রার্থীরা বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে যেসব কেন্দ্রে ভোট গ্রহণের হার বেশি, সেখানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জিতেছেন।
২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন এবং নির্বাচনের কেন্দ্রভিত্তিক ভোট গ্রহণের হার পর্যালোচনা করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ তথ্য দিয়েছে। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুজন এ-সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, যেসব কেন্দ্রে সর্বোচ্চ বৈধ ভোট পড়েছে, সেখানে বাতিল ভোটের হার কম। যেসব কেন্দ্রে বাতিল ভোটের হার অস্বাভাবিক, সেসব কেন্দ্রে তুলনামূলকভাবে বৈধ ভোটারের হার কম।
হলফনামা পর্যালোচনা করে সুজন বলেছে, ঢাকা উত্তরের মেয়রের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটির মেয়র স্নাতক ডিগ্রিধারী। নির্বাচিতদের মধ্যে ৭৫ জন স্বল্পশিক্ষিত (এসএসসির নিচে)। এ ছাড়া ১৮ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি, ৩৬ জন এইচএসসি ও ২৬ জন স্নাতক পাস এবং ২০ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী। পাঁচজনের কোনো তথ্য পাওয়া যায়নি। পেশায় পাঁচজন কৃষি, ১৩৬ জন ব্যবসায়ী, পাঁচজন চাকরিজীবী ও একজন আইনজীবী। সাতজন পেশার উল্লেখ করেননি।
প্রতিবেদনে বলা হয়েছে, মামলার আসামি এমন প্রার্থীরা নির্বাচনে কম জিতেছেন। নির্বাচিত ব্যক্তিদের মধ্যে চারজনের নামে বর্তমানে খুনের মামলা (দণ্ডবিধির ৩০২ ধারা) আছে। এ ছাড়া ২৯ জনের নামে বর্তমানে বিভিন্ন ধারায় মামলা আছে।
আয়ের হিসাবে বলা হয়েছে, ১৭ জনের আয় দুই লাখ টাকার নিচে। এ ছাড়া ৬২ জনের আয় দুই থেকে পাঁচ লাখ টাকা, ৫৭ জনের আয় পাঁচ থেকে ২৫ লাখ, ১৩ জনের আয় ২৫ লাখ থেকে ৫০ লাখ, ছয়জনের আয় ৫০ লাখ থেকে এক কোটি এবং ছয়জনের আয় এক কোটি টাকার ওপরে।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, সহসম্পাদক জাকির হোসেন ও প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।