তিন সিটি নির্বাচনে হামলার লক্ষ্য সাংবাদিকেরা

নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম আলোসহ একাধিক গণমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। তথ্য সংগ্রহের ক্ষেত্রেও সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তথ্য সংগ্রহকালে এসব ঘটনা ঘটে।
রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় দায়িত্ব পালন করার সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মোশতাক আহমেদের ডায়েরি (ভোট কেন্দ্রের অনিয়মের তথ্য ছিল) ও টাকা ছিনিয়ে নেন সরকার-সমর্থক প্রার্থীর কয়েকজন কর্মী-সমর্থক। আজ বেলা ১২টার কিছু আগে নারিন্দার দক্ষিণ মৈশণ্ডি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। সেখানে ভোটকেন্দ্র দখলের খবর সংগ্রহ করতে গিয়ে এ ঘটনার শিকার হন মোশতাক। এ সময় তাঁকে দ্রুত ওই এলাকা ছাড়তে বাধ্য করা হয়।
আজ বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে রাজধানীর শাজাহানপুরের মাহবুব আলী ইনস্টিটিউটে প্রকাশ্যে ভোট কারচুপির ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন প্রথম আলোর অপর জ্যেষ্ঠ প্রতিবেদক সুজয় মহাজন। এ সময় হামলাকারীরা তাঁর দুইটি মোবাইল ফোন, পরিচয়পত্র (আইডি কার্ড) ও নির্বাচন কমিশন থেকে দেওয়া পরিচয়পত্র কেড়ে নেয়। ওই কেন্দ্রে দায়িত্ব পালনরত নির্বাচনী কর্মকর্তা এবং পুলিশ ও আনসার সদস্যরাও এ ঘটনা প্রত্যক্ষদর্শী ছিলেন। পরে পুলিশের সহায়তার হামলাকারীদের হাত থেকে রক্ষা পান প্রতিবেদক। সন্ধ্যায় পুলিশ তাঁর কেড়ে নেওয়া জিনিসপত্র ফেরত দেওয়ার ব্যবস্থা করে।

বিজয়নগরের মূক ও বধির স্কুল কেন্দ্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আশীষ-উর রহমান সেলফোনে জালভোটের ছবি তুললে সরকার সমর্থকেরা তাঁকে ঘিরে ফেলে। তিনি প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন। কিন্তু কর্তব্যরত পুলিশ তাঁকে কক্ষ থেকে বের হতে বাধ্য করেন। পুলিশ তাঁকে বলেন, ‘এখান থেকে যান। আপনার সমস্যা আপনি সমাধান করেন।’ জালভোট দাতারা জোর করে তাঁর ফোন থেকে ছবি মুছে ফেলেন। খবর পেয়ে সহকর্মীরা গিয়ে তাঁকে উদ্ধার করেন।
ওয়ারির সিলভার ডেল প্রিপারেটরি গার্লস স্কুলের সামনে প্রথম আলোর প্রতিবেদক শুভংকর কর্মকারকে সরকারি দলের কর্মী-সমর্থকেরা কেন্দ্র থেকে বের করে দেয় ও তাঁর সেলফোন কেড়ে নেয়। পরে ফোনটি তাঁকে দিয়ে দেওয়া হয়।
নারিন্দার ফকির চাঁন কমিউনিটি সেন্টার কেন্দ্র থেকে প্রথম আলোর প্রতিবেদক মাসুম আলী ও আলোকচিত্রী পাপ্পু ভট্টাচার্য্যকে বের করে দেওয়া হয়।
পুরান ঢাকার কবি কাজী নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে আহত হন একটি দৈনিক পত্রিকার আলোকচিত্র সাংবাদিক ইন্দ্রজিৎ ঘোষ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
রাজধানীর বাসাবো উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে দু পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক ইয়াসিন রাব্বী। বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে জাল ভোট ও সংঘর্ষের ছবি ধারণ করতে গিয়ে প্রার্থীর সমর্থকদের হামলায় টেলিভিশনে কর্মরত তিনজন সাংবাদিক আহত হয়েছেন। তাঁরা হলেন আজাদ তালুকদার, জহিরুল ইসলাম ও পারভেজুর রহমান। তাঁরা চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জহিরুলের মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। হামলায় দুটি ক্যামেরাও ভেঙে গেছে।
সিটি নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সরকার-সমর্থকেরা এ কাজ করেন।