তিন সিটি নির্বাচনে ৮২ বিদেশি পর্যবেক্ষক
ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৮২ জন বিদেশি পর্যবেক্ষক। পর্যবেক্ষণের জন্য
তাঁরা নির্বাচন কমিশন থেকে প্রয়োজনীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে ৬৮ জন বাঙালি দোভাষী থাকবেন।
যেসব দেশ ও প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে: ইউরোপীয় ইউনিয়ন, কানাডা দূতাবাস, জাপান দূতাবাস, সুইজারল্যান্ড দূতাবাস, ফরাসি দূতাবাস, সুইডিশ দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন, জার্মান দূতাবাস, ডেনমার্কের দূতাবাস, মার্কিন দূতাবাস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এশিয়া ফাউন্ডেশন, এনডিআই বাংলাদেশ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সার্ভিস কাউন্সিল, ইউএনডিপি, ইউএসএআইডি, ইউকেএইড। সর্বাধিক ২৫ জন পর্যবেক্ষক থাকবেন মার্কিন দূতাবাসের।
এ ছাড়া তিন সিটিতে নির্বাচন কমিশন থেকে ৩ হাজার ৬৭১ জন দেশি পর্যবেক্ষককে অনুমোদন দিয়ে তিন সিটির রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। কমিশন সচিবালয়ের পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাই করে পরিচয়পত্র দিতে বলা হয়েছে। সে ক্ষেত্রে দেশীয় পর্যবেক্ষকের সংখ্যা দুই হাজারের কিছু বেশি হতে পারে।
এ ছাড়া প্রিন্ট মিডিয়ার ১ হাজার ৪২৯ জন, অনলাইন পত্রিকার ১ হাজার ৫৩৮ জন ও টেলিভিশন চ্যানেলের ১ হাজার ৭৩৩ সাংবাদিক দায়িত্ব পালনের জন্য কার্ড নিয়েছেন।