তিন সিটিতে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য অতীতের নির্বাচনগুলোর ত্রুটি নিরূপণের কাজ করা হচ্ছে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এ সময় তাঁর কথায় এসব তথ্য ওঠে আসে।

মাহবুব তালুকদার বলেন, খুলনা ও গাজীপুরে কিছু অনিয়ম হয়েছে। আর সে কারণে কিছু কেন্দ্র বন্ধ করা হয়েছে। অতীতের ভুলভ্রান্তি চিহ্নিত করে ইসি তিন সিটি করপোরেশনে অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। পাশাপাশি গাজীপুরের নির্বাচন নিয়ে গণমাধ্যমে অনিয়মের যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তারও সত্যতাও নিরূপণ করা হচ্ছে।

মাহবুব তালুকদার বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন কেমন হয়েছিল—তা পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তাঁকে দায়িত্ব দিয়েছেন। এটা নিয়ে তিনি কাজ করছেন।

মাহবুব তালুকদার বলেন, ‘গাজীপুর নির্বাচনে কোনো কোনো কেন্দ্রে ২০ ভাগের কম ভোট পড়েছে, আবার কোনটিতে ৮০ ভাগের বেশি ভোট পড়েছে—এটা কেন হয়েছে? এসব বিষয়কে একটি আলোচনার বৃত্তের মধ্যে আনতে চাই। ওখানে যেসব অনিয়মের কথা গণমাধ্যমে বেরিয়েছে, এর সত্যতা নিরূপণ করতে চাই।’

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ভুল ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘অনেক ক্ষেত্রে চিহ্নিত করতে চেষ্টা করা হয়েছে, কিছু মিডিয়াতে যেসব তথ্য এসেছিল, তাতে কিছু ভুল তথ্য ছিল। অনেকে হয়তো বলেছেন, ভুল তথ্য ছিল। আমি তৃণমূলে গিয়ে অন্বেষণ করে দেখতে চাই আসলে কী ঘটেছিল।’

মাহবুব তালুকদার বলেন, খুলনা ও গাজীপুরের নির্বাচনে নিশ্চয় কিছু ভুলভ্রান্তি হয়েছে। কিছু কেন্দ্র বন্ধ করা হয়েছে। ভুলভ্রান্তির জন্যই কেন্দ্র বন্ধ করা হয়েছে। তাঁরা বলছেন না শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে। নিশ্চয় কিছু অনিয়ম হয়েছে।

এক প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, খুলনা ও গাজীপুরের নির্বাচনে কী ভুল ছিল, তা এই মুহূর্তে বলা যাবে না। গাজীপুরে ইসি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়দায়িত্ব চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, পুলিশ ইসির সহায়ক শক্তি। ইসির নিজস্ব জনবল নেই, ফলে পুলিশের ওপর ইসিকে নির্ভরশীল হতেই হয়।

মাহবুব তালুকদার বলেন, অতীতের ভুলভ্রান্তিগুলো চিহ্নিত করে ইসি ভবিষ্যতের পথ চলতে চায়। খুলনা ও গাজীপুরের বিভিন্ন ভুলভ্রান্তি চিহ্নিত করা হচ্ছে। যাতে আগামী তিন সিটি নির্বাচনে সেসব ভুল বা অনিয়মের পুনরাবৃত্তি না হয়। তিনি আশাবাদী যে ওই দুটি নির্বাচনের সঙ্গে পরবর্তী তিনটি সিটির নির্বাচনের তুলনা হবে না। পরবর্তী তিনটি নির্বাচন অবশ্যই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে তাঁরা আশাবাদী।