তিন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারে অভিযান শুরু
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় চাকরি হারানো র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তারে অভিযান অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রাত সোয়া তিনটার দিকে নারায়ণঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও মিলিটারি পুলিশের একটি দল ঢাকায় এ অভিযান পরিচালনা করছে।নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মুহিদ উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ , মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর কর্মকর্তা ও র্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে।তাদেরকে গ্রেপ্তারে শুক্রবার দিবাগত রাতে এ অভিযান শুরু হয়েছে।
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠার পর এই তিন কর্মকর্তাকে অবসর দেওয়া হয়।৬ মে সেনাবাহিনীর দুজনকে অকালীন ও নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।১১ মে এই তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্ট৷
ওই নির্দেশের পর পর ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মতামত চেয়ে প্রতিরক্ষাসচিবকে চিঠি পাঠায়।১৫ মে সেনা সদরের জিএজি বিভাগ থেকে ওই চিঠির জবাব দেওয়া হয়৷ এতে বলা হয়, ‘আপনাদের সদয় অবগতির জন্য উল্লেখ করা যাচ্ছে যে হাইকোর্টের নির্দেশনার আলোকে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত সেনাসদস্যদ্বয় সর্ম্পকে দেশের প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে।’
গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন।এর তিনদিন পর ৩০ এপ্রিল ছয়জনের এবং পরদিন আরও একজনের লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে৷ এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার৷ ৪ মে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ছয় কোটি টাকার বিনিময়ে র্যাবের তিন কর্মকর্তা ওই সাতজনকে অপহরণ ও খুন করেছেন।