তিন সেশনে ১২টি প্রবন্ধ উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর ও গণবিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী জনজীবন, ভাষা ও সংস্কৃতি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আবুল হোসেন এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের। এতে বক্তব্য দেন সম্মেলনের দুজন আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের এ টি এম আতিকুর রহমান ও গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনসুর মুসা। অনুষ্ঠান উপস্থাপনা করেন সম্মেলনের সদস্যসচিব আবুল আজাদ। বাংলাদেশ ও ভারতের গবেষকেরা এতে অংশ নিচ্ছেন। উদ্বোধনের পর পর্যায়ক্রমে ‘শিক্ষা ও মাতৃভাষা’, ‘জেন্ডার ইস্যু ও নারীর ক্ষমতায়ন’ এবং ‘উত্তর-পূর্বাঞ্চলের জীবন’ শীর্ষক তিনটি সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মামুন অর রশীদ ‘শব্দ সৃষ্টির ভাষা-বৈজ্ঞানিক বিশ্লেষণ: চলতি শব্দের অভিধান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। ‘বাংলামাধ্যমে চিকিৎসা শিক্ষা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সিকদার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাফিজ উদ্দিন আহমেদ। একই সেশনে ভারতের অধ্যাপক সব্যসাচী চ্যাটার্জি, সাগরিকা পাটনায়েক ও অধ্যাপক জে সি সনি পৃথক তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন। এই সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ সভাপতিত্ব করেন।
দ্বিতীয় সেশনে পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে ‘ত্রিপুরার নারীদের ক্ষমতায়ন ও অগ্রগতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ত্রিপুরা সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস। ওই সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আরিফা সুলতানা ‘বাঙালি নারীর আত্মপ্রকাশের কাল নির্ণয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তৃতীয় সেশনে ‘উত্তর-পূর্বাঞ্চলের জীবন’ শীর্ষক সেমিনারে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিন্দ্য শ্যাম চৌধুরী ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমিত মুখার্জি পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।