তিন স্কুল শিক্ষার্থীকে বেত্রাঘাত হাসপাতালে ভর্তি
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ডব্লিউ বি কাদরি হাইস্কুলের দশম শ্রেণীর তিন শিক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার সকালে এক শিক্ষক শ্রেণীকক্ষে বেত্রাঘাত করে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, গতকাল বৃহস্পতিবার সকালে দশম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় ক্লাস ছিল শারীরিক শিক্ষা। ওই বিষয়ের শিক্ষক অনুপস্থিত থাকায় ইংরেজির শিক্ষক সাইফুল ইসলাম ক্লাস নিতে শ্রেণীকক্ষে উপস্থিত হন। শারীরিক শিক্ষা ক্লাসে ড্রেস না পরে আসার জন্য মাহমুদুল হাসান রাফি (১৫), হাসিবুল হোসেন তমাল (১৫) ও নোমান সিফাতকে (১৫) বেত দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় ক্লাসের অন্য শিক্ষার্থীরা অসুস্থ শিক্ষার্থী মাহমুদুল হাসান রাফিকে (সম্প্রতি হাত ভেঙে যাওয়ায় গলায় ঝুলিয়ে রাখা হয়েছে) না মারার অনুরোধ করে। কিন্তু রাফি ওই শিক্ষকের বেতের আঘাত থেকে রেহাই পায়নি।
মাহমুদুল হাসান রাফিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের শাসন করার অধিকার তাঁর আছে। তিনি অন্যায় কিছু করেননি।