তিন স্কুলছাত্রসহ পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর, ফরিদপুরের মধুখালী ও ঝালকাঠিতে গত শুক্রবার ও গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। তাদের মধ্যে তিনজন স্কুলছাত্র ও একটি শিশু রয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:মাদারীপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় গতকাল বেলা ১১টার দিকে যাত্রীবাহী টেম্পো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী স্কুলছাত্র আসাদুজ্জামান বাবু ও রফিকুল ইসলাম নিহত হয়েছে। তারা দুজনই এবার খালিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।উপজেলার স্বরমঙ্গল গ্রামের মোহাম্মদ আলী বেগের ছেলে আসাদুজ্জামান বাবু ও রুহুল আমিনের ছেলে রফিকুল ইসলাম টেকেরহাট বন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। টেম্পোচালক রাজৈরের মজুমদারকান্দি গ্রামের সাইদুলকে (২২) ফরিদপুর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।ফরিদপুর: শুক্রবার রাত আটটার দিকে উপজেলার পাইককান্দি গ্রামের হাসেম কাজীর ছেলে ও দীঘলিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ফারুক কাজী (১৬) দুই সঙ্গীসহ মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কের বোয়ালিয়া বাসস্ট্যান্ডের কাছে তাদের মোটরসাইকেলটি পেছন থেকে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ফারুক ছিটকে মহাসড়কের ওপর পড়ে। ওই সময় ঢাকা থেকে খুলনাগামী একটি কনটেইনারবাহী ট্রাক তাকে চাপা দিলে ফারুক ঘটনাস্থলেই নিহত হয়। ঝালকাঠি: শুক্রবার বিকেলে বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির বৈদাড়াপুরে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আবদুর রব নামের এক বৃদ্ধকে চাপা দেয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে তাঁর মৃত্যু হয়। একই দিন সন্ধ্যায় নলছিটি উপজেলার গোছরা বাজারে টমটম গাড়ির চাপায় শিশু ফৌজিয়া আক্তার নিহত হয়। তার বাবা শফিকুর রহমান জানান, ফুলতলা-খাজুরতলা সড়কে দুটি টমটম গাড়ি দ্রুত গতিতে চালানোর সময় একটি টমটম গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফৌজিয়ার মৃত্যু হয়।