তিন স্কুলশিক্ষার্থীর বিয়ে বন্ধের নির্দেশ ইউএনওর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে তিন স্কুলশিক্ষার্থীর বিয়ে আগামী মাসে। এসব বাল্যবিবাহ বন্ধের আবেদনের প্রেক্ষাপটে ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সেন্ট মার্টিন বিএন ইসলামিক উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানায়, আগামী ১২ মার্চ বিয়ের পিঁড়িতে বসানো হবে তাদের বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে। তার কাবিননামা সম্পন্ন করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি। কিন্তু ওই ছাত্রী বিয়েতে রাজি নয়। সে আরও পড়াশোনা করতে চায়। তাই বিয়ে বন্ধে সহপাঠীদের সহযোগিতা চেয়ে কান্নাকাটি করছে। এ ছাড়া পারিবারিকভাবে একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও ষষ্ঠ শ্রেণির আরেক ছাত্রীরও বিয়ের আয়োজন করা হয়েছে আগামী মাসেই। তিন শিক্ষার্থীরই বিদ্যালয়ে যাওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। এই প্রেক্ষাপটে প্রতিকার চেয়ে তাদের সহপাঠীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি দেয়।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক উজ্জ্বল ভৌমিক বলেন, স্মারকলিপি পাওয়ার পর তিনি ওই তিন শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে কথা বলেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে তাঁদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা বাল্যবিবাহ বন্ধ করতে রাজি নন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, অল্প বয়সে এই দ্বীপের ছেলেমেয়েদের বিয়ের রেওয়াজ রয়েছে। তবে সেন্ট মার্টিন বিএন উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বাল্যবিবাহের আয়োজন সম্পর্কে তিনি কিছুই জানেন না। বয়স বাড়িয়ে কাউকে জন্মসনদও দেওয়া হয়নি। তারপরও এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আরও বলেন, তিন শিক্ষার্থীর বাল্যবিবাহ ঠেকাতে ব্যবস্থা নিতে গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আবেদন করা হয়েছে।
জানতে চাইলে ইউএনও মো. শফিউল আলম বলেন, সেন্ট মার্টিনের তিন স্কুলশিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি আবদুল মজিদ বলেন, বাল্যবিবাহ তিনটি বন্ধে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।