তিন স্কুলেই পরীক্ষা, মাঠেও মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পরীক্ষা চলছে। পাশে মাঠে মেলায় যাত্রা ও সার্কাসের কোলাহল।মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের আয়োজন চলছে পাংশার হাবাসপুর কেরাজ উচ্চবিদ্যালয়, বাহাদুরপুরের শহীদ খবিরুজ্জামান উচ্চবিদ্যালয় ও বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে এসব মেলা চলবে কমপক্ষে এক সপ্তাহ। আর এই মেলায় রয়েছে যাত্রা, সার্কাস, নাগরদোলাসহ বিভিন্ন রকমের দোকান ও খাবার হোটেল। সারা দিন মানুষের সমাগমে কোলাহলপূর্ণ থাকে বিদ্যালয় চত্বর। আর মেলার প্রচার মাইকের শব্দে কানের বারোটা বাজছে অনেকের। দীর্ঘদিন আগে থেকে ৩০ আশ্বিন গার্সি উৎসবকে কেন্দ্র করে এসব স্থানে মেলার আয়োজন করা হয়ে থাকে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মেলার সময় পরিবর্তন করা দরকার। পরীক্ষার সময় মাঠে মেলা হওয়ায় শিক্ষার্থীদের মনোযোগে সমস্যা হয়। কিন্তু এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এর আয়োজন করায় কেউ কিছু বলেন না।হাবাসপুর কেরাজ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সাহা বলেন, মেলা থেকে উপার্জিত টাকা বিদ্যালয়ের তহবিলে জমা হয়। আর যাত্রাশিল্পীদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে, তা অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখানে সাধারণত কোনো ক্লাস নেওয়া হয় না। তবে চলাফেরায় কিছুটা সমস্যা হচ্ছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কে এম নজিব বলেন, ‘আমি প্রতিদিনই খোঁজ নিচ্ছি, যাতে শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। আর লাভের টাকা বিদ্যালয়ের তহবিলেই জমা হচ্ছে।’বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চবিদ্যালয়ে মাঠে অষ্টম শ্রেণীর কয়েকজন ছাত্র জানায়, তাদের রচনামূলক পরীক্ষা শেষ হয়েছে এবং কিছুক্ষণ পরে বাকি অংশ নৈর্ব্যক্তিকে অংশ নেবে। মাঠে এত লোকের সমাগম দেখে তাদের মন ক্লাসে বসছে না।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘পরীক্ষা চলাকালে সব অনুষ্ঠান বন্ধ থাকে। ফলে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে না। আর কেউ আমার কাছে কোনো অভিযোগও করেনি।’বাগমারা প্রাথমিক বিদ্যালয়ে যাত্রা চলায় সেখানেও একই অবস্থা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বলেন, ‘এখানে ২৭৩ জন পরীক্ষার্থীর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার মডেল টেস্ট হচ্ছে। আর প্রাচীরের অধিকাংশ জায়গা হাইস্কুলের। আমরা ইচ্ছে করলেও তাদের বাধা দিতে পারি না।’মেলা উদ্যাপন কমিটির সভাপতি আবদুুল হামিদ বলেন, ‘মেলার কারণে ছেলেমেয়েদের একটু সমস্যা হচ্ছে। কিন্তু এটি দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তবে ছেলেমেয়েদের যাতে বড় ধরনের সমস্যা না হয়, আমরা সে ব্যাপারে সব সময় নজর রাখছি।’বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি হাসানুল ইসলাম বলেন, এটা আবহমান কাল থেকে হয়ে আসছে। এলাকার মানুষের বিনোদনের একটি মাধ্যম।