তিন স্ত্রীকে নির্যাতন চতুর্থ স্ত্রীকে হত্যা?
নির্যাতন সইতে না পেরে তিন স্ত্রী ঘর ছেড়ে চলে গেছেন। ধৈর্য ধরেছিলেন চতুর্থ স্ত্রী রাহিদা খাতুন (৪০)। তাঁকেই গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছেন স্বামী আবদুল লতিফ (৫০)। আবদুল লতিফের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর গ্রামে।
প্রতিবেশীরা জানান, দিনমজুর আবদুল লতিফ চারটি বিয়ে করেছিলেন। চার স্ত্রীর ঘরে সাতটি সন্তান রয়েছে। সংসারের অভাব-অনটনও লেগেই থাকে। ক্ষিপ্ত হয়ে তিনি প্রায়ই স্ত্রীদের ওপর নির্যাতন করতেন। এতে অতিষ্ঠ হয়ে প্রথম স্ত্রী শরীফা খাতুন ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজে চলে গেছেন। দ্বিতীয় স্ত্রী সুরাতন খাতুন এবং তৃতীয় স্ত্রী রাবেয়া খাতুন বাবার বাড়িতে চলে গেছেন। তিন স্ত্রীই যাওয়ার সময় নিজ নিজ সন্তানদেরও নিয়ে গেছেন।
চতুর্থ স্ত্রী রাহিদা খাতুনের বাবার বাড়ি চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে। তাঁর বাবার নাম জজির উদ্দিন। প্রায় ২০ বছর আগে তাঁর বিয়ে হয়। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেটি ষষ্ঠ শ্রেণীতে পড়ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাহিদাদের একটিই শোবার ঘর। ছেলে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল। লতিফ ও তাঁর স্ত্রী বারান্দায় শুয়ে ছিলেন। রাত ১২টার দিকে স্ত্রীর চিৎকার শুনে লতিফের এক ভাই এবং তাঁর ছেলে দরজা খোলেন। এ সময় লতিফ দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে রাস্তা পার হতে গিয়ে চলন্ত ভটভটির সঙ্গে ধাক্কা লেগে তাঁর মাথা ফেটে যায়। তিনি আর পালাতে পারেননি। তাঁকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার পরে দেখা যায়, রাহিদা খাতুনকে কুপিয়ে বারান্দায় ফেলে রাখা হয়েছে। দ্রুত দুজনকেই চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা রাহিদাকে মৃত ঘোষণা করেন। রাতেই স্বজনেরা রাহিদার লাশ এবং লতিফকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী লতিফকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। রাত তিনটার দিকে বাঘা থানার পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। অসুস্থতার কারণে তাঁকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আবদুল লতিফকে আসামি করে রাহিদার ভাই শফিকুল বাঘা থানায় হত্যা মামলা করেছেন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।