তিন স্থানে ছয় প্রার্থী ও এক স্থানে সমর্থকদের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জের কটিয়াদী ও করিমগঞ্জ পৌরসভার দুই মেয়র ও দুই কাউন্সিলর প্রার্থী এবং মৌলভীবাজার পৌরসভার এক মেয়র ও এক কাউন্সিলর প্রার্থীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুলাউড়া পৌরসভার এক মেয়র পদপ্রার্থীর সমর্থকদের ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত দুই দিনে তাঁদের জরিমানা করা হয়। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন।
প্রথম আলোর সংবাদদাতা ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: গত সোমবার রাতে কটিয়াদী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. শওকত ওসমানকে পাঁচ হাজার এবং গতকাল মঙ্গলবার দেয়ালে পোস্টার লাগানোর দায়ে করিমগঞ্জ পৌরসভার বিএনপির প্রার্থী মো. আশরাফ হোসেন ওরফে পাভেলকে পাঁচ হাজার ও দুই কাউন্সিলর প্রার্থী মহাপ্রভ©পণ্ডিত ও মো. নাসিরুদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মৌলভীবাজার: সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বিএনপির প্রার্থী অলিউর রহমানকে ১০ হাজার টাকা এবং ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দিদার মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।
জুড়ী (মৌলভীবাজার): গতকাল বিকেলে কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী শফি আলম ইউনুছের সমর্থকদের ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): হোমনা পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার অভিযোগে কারণ দর্শাতে আওয়ামী লীগের প্রার্থী মো. নজরুল ইসলামকে সোমবার রাতে চিঠি দেন তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হোমনা পৌর নির্বাচনের নির্বাহী হাকিম মো. তৌহিদুল ইসলাম। আওয়ামী লীগের প্রার্থী মো. নজরুল ইসলাম বলেন, ‘আমি চিঠি পেয়েছি এবং তার জবাবও দিয়েছি। কে বা কারা আমার নামে নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল করেছে তা আমি জানি না।’