জয়পুরহাটের কালাই, বগুড়ার দুপচাঁচিয়া ও রংপুরের কাউনিয়ায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কালাই (জয়পুরহাট): জয়পুরহাট-ঢাকা মহাসড়কের কালাই উপজেলার বালাইটে গতকাল সোমবার ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকে থাকা আবদুল হামিদ (৩২) নামের এক খড় ব্যবসায়ী নিহত এবং তিনজন আহত হন। দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার সাহারপুকুর বাজারে গত রোববার সন্ধ্যায় ট্রাকের চাপায় মাহফুজা বিবি (৪৫) নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি গোবিন্দপুর ইউনিয়নের পালিমহেষপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। মাহফুজা বিবি সাহারপুকুর বালিকা বিদ্যালয়ে আয়া হিসেবে কাজ করতেন। কাউনিয়া (রংপুর): পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডের কাছে রোববার সন্ধ্যায় হাফিজ উদ্দিন (৭৫) নামের এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুড়িগ্রামগামী বাসের চাপায় তিনি নিহত হন।