তিন স্থানে দুর্ঘটনা, যানজটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কী আর করমু ভ্যাই। শনিবার সন্ধ্যা রাইতে রওনা অইছি। অনেক জাইগায়ই জাম ঠেলতে অইছে। সারা রাত হে (ট্রাকচালক) ঘুমাইতে পারে ন্যাই। ক্লান্ত শরীর। অহন একটু চান্স (সুযোগ) নিছে।’ গতকাল রোববার সকালে কথাগুলো বলছিলেন টাইলসবোঝাই ট্রাক তদারকের দায়িত্বে থাকা আলম মিয়া। তিনি হবিগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে আটকা পড়ে মির্জাপুরের জামুর্কী এলাকায় ওই চালক মহাসড়কে গামছা বিছিয়ে ট্রাকের ছায়ায় ঘুমিয়ে ছিলেন।

মহাসড়কটির তিনটি স্থানে সড়ক দুর্ঘটনার কারণে গত শনিবার গভীর রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত যানজটে আটকা পড়ে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। এ সময় মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী ট্রাকও সময়মতো গন্তব্যে যেতে পারেনি।

মির্জাপুরের ট্রাফিক পুলিশ ও গোড়াই হাইওয়ে থানা-পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে মির্জাপুর বাইপাসের পোস্টকামুরী এলাকায় ঢাকাগামী ভুট্টাবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী বাসের সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর রাত একটার দিকে পুলিশ রেকার দিয়ে যান দুটি মহাসড়ক সরিয়ে নিলে যানবাহন চলতে শুরু করে। তবে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় খুবই ধীরগতিতে যান চলাচল করে। রাত চারটার দিকে মহাসড়কের এলেঙ্গাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবারও যান চলাচল বন্ধ হয়। একপর্যায়ে মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের বিস্তৃতি ঘটে।

পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি রাস্তার ওপর থেকে গতকাল সকাল ছয়টার দিকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়। তবে তা স্বাভাবিক হতে গতকাল বেলা সাড়ে ১১টা বেজে যায়। এদিকে দেওহাটা এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। আধা ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে যানজটে ভুক্তভোগী মানুষের দুরবস্থা। যানজটের কারণে অনেকে স্ত্রী-সন্তানসহ হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারেনি। বাসে প্রচণ্ড গরম সইতে না পেরে যাত্রীদের নিচে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

যানজটে ভুক্তভোগী ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের চালক আবদুল কাদের বলেন, তিনি গতকাল সকাল সাতটায় এলেঙ্গায় যানজটে পড়েন। সকাল সাড়ে ১০টায় জামুর্কী পার হন। অথচ এই রাস্তাটুকু পাড়ি দিতে মাত্র ৩৫-৪০ মিনিট সময় লাগার কথা।

মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক মো. শাহাদত হোসেন বলেন, এমনিতে রমজান মাসের প্রথম দিন। তার সঙ্গে যানজট আর প্রচণ্ড গরম। সব মিলিয়ে মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী ও চালকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। পুলিশ যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে নিরলস পরিশ্রম করেছে।