তিন স্থানে বজ্রপাতে চারজন নিহত
সাতক্ষীরার তালা উপজেলার ভায়রা গ্রামে গতকাল সোমবার দুপুরে বজ্রপাতে সিদ্দিকুর রহমান (৩০) ও শাহাবুদ্দিন মহলদার (২৫) নামের দুই তরুণ নিহত হয়েছেন। একই দিন সকালে ফরিদপুরে বজ্রপাতে নিহত হয়েছেন তাছলিমা বেগম (২৯) নামের এক গৃহবধূ।
এদিকে খুলনার ডুমুরিয়া উপজেলার উখড়া গ্রামে একই দিন ঝানু বেগম (৫০) নামের এক নারী বজ্রপাতে মারা যান। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, সিদ্দিকুর ও শাহাবুদ্দিন মাছ ধরতে সকালে বাড়ির পাশে দধিশরা বিলে যান। দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তালা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ফরিদপুর: সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ফকির বলেন, শৈলডুবি গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মনির শেখের স্ত্রী গৃহবধূ তাছলিমা বেগম সকাল সাড়ে নয়টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খেত থেকে বেগুন তুলতে গেলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে গৃহবধূর পিঠের ডান পাশ পুড়ে যায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূর মিথিলা (১০) ও যুথী (৭) নামের দুই মেয়ে রয়েছে।
ডুমুরিয়া (খুলনা): উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উখড়া গ্রামের আনার আলী মোল্লার মেয়ে ঝানু বেগম দুপুরে গোসল শেষে ঘরে ওঠার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময় বজ্রপাতে প্রতিবেশী দেলোয়ার হোসেনের স্ত্রী শাহিনুর বেগম আহত হন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইউনুস আলী বলেন, হাসপাতালে আনার আগেই বজ্রপাতে ঝানু বেগমের মৃত্যু হয়েছে। শাহিনুর বেগম আহত হলেও তিনি শঙ্কামুক্ত।