তিন স্থানে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইলে গতকাল সোমবার বজ্রপাতে একজন রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত রোববার বজ্রপাতে পাবনার আটঘরিয়া ও ভাঙ্গুরায় দুজন শ্রমিক এবং সুনামগঞ্জের জামালগঞ্জে দুই ভাই নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবরনান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধরুয়া ডিএস মাদ্রাসার কাছে গতকাল দুপুরে বজ্রপাতে আলী ইসলাম (৪০) নামের একজন রিকশাচালকের মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের ধরুয়া গ্রামের বাসিন্দা। ওই এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হাশেম জানান, দুপুর একটার দিকে আলী ইসলাম রিকশা চালিয়ে যাওয়ার সময় ধরুয়া ডিএস মাদ্রাসার কাছে বজ্রপাতে আহত হন। তখন তাঁর রিকশায় আরোহী ছিল না। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আলী ইসলামকে মৃত ঘোষণা করেন। পাবনা: পাবনার আটঘরিয়া ও ভাঙ্গুড়ায় রোববার বিকেলে বজ্রপাতে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সারুটিয়া গ্রামের নজরুল ইসলাম (৩০) ও ভাঙ্গুড়া উপজেলা সদরের উত্তর সারুটিয়া গ্রামের রঞ্জু হোসেন (৩২)।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় নিজ নিজ গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে ওই দুজন মারা যান।সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় রোববার বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছেন। তাঁরা হলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আলী আসগর (২২) ও তাঁর ভাই এহিয়া (১৮)। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে আলী আসগর তাঁর ভাইকে নিয়ে হোসেনপুর গ্রামসংলগ্ন সুরমা নদীতে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আলী আসগর মারা যান ও এহিয়া আহত হন। জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক এহিয়াকে মৃত ঘোষণা করেন। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ময়নাতদন্ত ছাড়া দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।